• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

দিল্লিতে ফের দূষণের দাপট, ৩৭৩-এ পৌঁছল একিউআই, বৃষ্টির আশায় রাজধানী

দূষণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। প্রথম স্থানে রয়েছে এনসিআরের বল্লভগড়, সেখানে একিউআই ৪০০। গুরুগ্রাম ও নয়ডার পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। ওই দুই শহরের একিউআই যথাক্রমে ৩২৪ ও ৩১৩।

দিল্লিতে ফের দূষণের দাপট, ৩৭৩-এ পৌঁছল একিউআই, বৃষ্টির আশায় রাজধানী

Photo: Statesman

দিল্লিতে বায়ুদূষণের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। শুক্রবার রাজধানীর বায়ুর গুণমান সূচক (AQI) বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩-এ। বৃহস্পতিবার এই মাত্রা ছিল ৩৫০। ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। এই পরিস্থিতিতে রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। বৃষ্টির জেরে দূষণ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

দূষণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। প্রথম স্থানে রয়েছে এনসিআরের বল্লভগড়, সেখানে একিউআই ৪০০। গুরুগ্রাম ও নয়ডার পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। ওই দুই শহরের একিউআই যথাক্রমে ৩২৪ ও ৩১৩।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দীপাবলির পর থেকে দিল্লির সরকারি চিহ্নিত ১৩টি দূষণপ্রবণ এলাকার বাইরেও একাধিক অঞ্চলে দূষণের মাত্রা অত্যন্ত বেশি। উত্তর ক্যাম্পাসে গড় পিএম২.৫ (PM2.5)-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৩১৬.৬ মাইক্রোগ্রাম। সেখানে গড় একিউআই প্রায় ৪৩০। আইটিও-তে একিউআই ৪২৩ এবং চাঁদনি চকে সর্বোচ্চ গড় একিউআই ৪৪২ রেকর্ড করা হয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির (IITM) তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির পিএম২.৫ (PM2.5) দূষণের সবচেয়ে বড় উৎস ছিল যানবাহনের ধোঁয়া (৩১.৫ শতাংশ)। এছাড়া সেকেন্ডারি অর্গানিক অ্যারোসল ২৪.৭ শতাংশ ও জৈব জ্বালানি পোড়ানোর ফলে ২০.৮ শতাংশ দূষণ ছড়িয়েছে।

এদিকে, শুক্রবার পাঞ্জাব, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে মোট ৫৩৭টি ধানখেতের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশে ২৪৬টি ও পাঞ্জাবে ২১৪টি। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাঞ্জাবে মোট ৫,৭৮৫টি কৃষিজমিতে আগুন লাগার ঘটনা নথিভুক্ত হয়েছে।

আবহাওয়াও দূষণ কমার ক্ষেত্রে অনুকূল নয়। রবিবার উত্তর-পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৬-১৯ নভেম্বরের মধ্যে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি কমতে পার। ফলে মাটির কাছাকাছি দূষিত বাতাস আটকে থাকার আশঙ্কা রয়েছে। আইআইটিএম-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দিল্লির একিউআই অতি খারাপ স্তরেই থাকতে পারে বলে মনে করা হচ্ছে।