• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

গ্রিসকে সাত গোলের মালা নেদারল্যান্ডসের, ক্লপের জার্মানিরও জয়! শেষ ম্যাচে জাভি বনাম ক্লপের মহারণ

গ্রিসের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল নেদারল্যান্ডস। ম্যাচের ছ'মিনিটেই ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় তারা। এর পর শুরু হয় তিজানি রেইন্ডার্সের দাপট

গ্রিসকে সাত গোলের মালা নেদারল্যান্ডসের, ক্লপের জার্মানিরও জয়! শেষ ম্যাচে জাভি বনাম ক্লপের মহারণ

Image: X

এক দিকে জাভি হার্নান্দেজের আক্রমণাত্মক ফুটবল, অন্য দিকে ইউর্গেন ক্লপের জার্মানির ঘুরে দাঁড়ানোর লড়াই। নেশনস লিগের মঞ্চে শুক্রবার রাতটা ছিল দুই বিশ্ববন্দিত কোচের। গ্রিসকে কার্যত ছেলেখেলা করে ৭-০ গোলে হারাল নেদারল্যান্ডস। অন্য দিকে, বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল জার্মানি।

রেইন্ডার্সের হ্যাটট্রিক, সাত গোল ডাচদের

গ্রিসের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল নেদারল্যান্ডস। ম্যাচের ছ’মিনিটেই ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় তারা। এর পর শুরু হয় তিজানি রেইন্ডার্সের দাপট। ১২ মিনিটে জোয়ি ভিরম্যানের পাস থেকে প্রথম গোল করেন তিনি। ১৮ মিনিটে ডোনিয়েল মালেনের পাস কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান। ৩৩ মিনিটে ডেনজেল ডামফ্রিসের হেড থেকে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রেইন্ডার্স।

প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৪০ মিনিটে মালেনের পাস থেকে গোল করেন জুরিয়েন টিম্বার। বিরতির পর ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন টিম্বার। এর তিন মিনিট পরে ডামফ্রিসের পাস থেকে ডাচদের হয়ে সপ্তম গোলটি করেন মালেন।

ম্যাচের পর নেদারল্যান্ডসের কোচ জাভি বলেন, ‘প্রথমার্ধটা অসাধারণ ছিল। ফুটবলারদের অভিনন্দন জানাতেই হবে। তবে এটা একটা ম্যাচ মাত্র। আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। ফুটবলাররা অনুশীলনে প্রচণ্ড পরিশ্রম করছে। ওদের জন্য আমি গর্বিত।’এই জয়ের ফলে গ্রুপ এ২-তে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। গ্রিসের পাশাপাশি আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানিও।

আরও পড়ুন: শচীনের স্মৃতি ফিরিয়ে বাবার মৃত্যু-শোক বুকে নিয়েই আজ মাঠে নামবেন বঙ্গ পেসার সায়ন, বাবার স্বপ্নপূরণই লক্ষ্য

ক্লপের জার্মানির স্বস্তি

অন্য দিকে, সার্বিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মানি। ম্যাচের তিন মিনিটেই কাই হাভার্টজের হেড থেকে বল নিজেদের জালে জড়িয়ে দেন সার্বিয়ার ডিফেন্ডার স্রদান বাবিচ। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভিৎজ। হাভার্টজের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে জালে বল জড়িয়ে দেন তিনি।

বিরতির পর ৫০ মিনিটে নিজের আন্তর্জাতিক অভিষেকেই গোল করেন ব্রায়ান গ্রুডা। মাঝমাঠ থেকে বল নিয়ে একক দক্ষতায় এগিয়ে গিয়ে দূরপাল্লার শটে গোল করেন তিনি। ৫৬ মিনিটে বাবিচ একটি গোল শোধ করলেও জার্মানির জয় আটকাতে পারেনি সার্বিয়া।

শেষ দিকে ভানিয়া দ্রাগোয়েভিচ এবং আন্দ্রিয়া জিভকোভিচ লাল কার্ড দেখায় ন’জনকে নিয়ে ম্যাচ শেষ করতে হয় সার্বিয়াকে।জার্মানির কোচ ইউর্গেন ক্লপ বলেন, ‘আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল। তবে আজকের ম্যাচের পর সমালোচনা করার কোনও কারণ নেই’। ক্লপের জার্মানির কোচিংয়ে শুরুটা ভাল হয়নি। প্রথম চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল তারা। সার্বিয়াকে হারিয়ে সেই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পেল জার্মানি।

আরও পড়ুন: কুলদীপকে দেশে ফেরত পাঠিয়ে টেস্ট দলে গুরনুর, সাইফার্টকে আউট করে তেড়ে যাওয়ার পুরস্কার?

শেষ ম্যাচে জাভি বনাম ক্লপ

এ বার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জার্মানি। বার্লিনে ক্লপের দলের বিরুদ্ধে খেলতে নামবে জাভির নেদারল্যান্ডস। অন্য দিকে, গ্রিসের সামনে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের দুটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে তিন দল। ফলে শেষ ম্যাচের ফলই ঠিক করে দেবে কারা পরের পর্বে যাবে।

এ দিনের অন্য ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে লিগ এ-তে উন্নীত হয়েছে সুইৎজারল্যান্ড। স্কটল্যান্ড ২-১ গোলে হারিয়েছে উত্তর ম্যাসিডোনিয়াকে। ফারো দ্বীপপুঞ্জের বিরুদ্ধে ২-২ ড্র করেও লিগ বি-তে উন্নীত হয়েছে স্লোভাকিয়া। অন্য দিকে, বুলগেরিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। হ্যাটট্রিক করেছেন আন্দ্রি গুডজেনসেন।

ফলাফল:
 নেদারল্যান্ডস ৭-০ গ্রিস
 জার্মানি ৩-১ সার্বিয়া
 স্কটল্যান্ড ২-১ উত্তর ম্যাসিডোনিয়া
স্লোভেনিয়া ০-০ সুইৎজারল্যান্ড
 বুলগেরিয়া ০-৫ আইসল্যান্ড
স্লোভাকিয়া ২-২ ফারো দ্বীপপুঞ্জ

দেখুন: