ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ আরও বাড়ল। কারণ পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তার প্রেক্ষিতে শনিবার সকালে সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে দিল গিরিশ পার্ক থানার পুলিশ। আগামী ২০ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আবার সমাজমাধ্যমে পোস্টের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল পুলিশ। শনিবার দুপুর ১টার মধ্যে ভবানীপুর থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। গত ২ মে সমাজমাধ্যমে তিনি পোস্ট করেছিলেন। তাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। সেটার ভিত্তিতে এফআইআর হয়। তাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
এদিকে গত ২৯ অক্টোবর তারিখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক অভিযোগ করেছিলেন, পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। তবে সরকার বদল হলে সেই সব পুলিশ অফিসারদের দেখে নেওয়া হবে। এই হুঁশিয়ারির পর গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক ব্যক্তি। আবার অভিষেকের সমাজমাধ্যমে পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করে অভিষেক ঘৃণা ছড়িয়েছেন বলে অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করে পুলিশ।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়েছে পুলিশ। আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে পুলিশের তলবে অভিষেক হাজিরা দেবেন কিনা সেটা জানা যায়নি। ভবানীপুর থানায় যিনি অভিযোগ দায়ের করেছেন তাঁর দাবি, অভিষেকের কিছু মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। একজন সাংসদ হিসেবে সংবিধানের সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতা রক্ষা করার শপথ নেওয়ার পরেও অভিষেক সমগ্র গুজরাতি সম্প্রদায়কে একটি ‘গ্যাং’ বা অপরাধী চক্র হিসেবে উল্লেখ করেছেন। এতে সম্প্রদায়ের অপমানের এবং দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিও নষ্ট হতে পারে। তাই অভিষেকের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা উচিত।
তাছাড়া গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনের ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় কলকাতা পুরসভা। সাংসদের বাড়ির সামনে ফুটপাথের উপরে যে কালো লোহার গেট ছিল, সেটিও আয়রন কাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয়। ভেঙে দেওয়া হয় শহিদ বেদীও। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একাধিকবার তিনি পুলিশ এবং সিআইডির কাছে হাজিরা দিয়েছেন।




