টিম সাইফার্টের দিকে কার্যত তেড়ে গিয়েছিলেন, তাঁর চোখে চোখ রেখে কথা বলেছিলেন ভারতীয় দলের তরুণ পেসার। এই আগ্রাসনেরই পুরস্কার পেলেন তিনি? এ বার টেস্ট দলেও জায়গা পেয়ে গেলেন গুরনুর। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে টেস্ট দল থেকে বাদ দিয়ে গুরনুরকে টেস্ট দলে ঢোকানো হল। শনিবার বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়ে দেওয়া হয়।
শুক্রবার ভারত যে ওয়ান ডে ম্যাচে ২৪৪ রানে গোহারান হারে, সেই ম্যাচে টিম সাইফার্টকে আউট করার পর গুরনুর তাঁর দিকে প্রায় তেড়ে যান। ম্যাচের ১২তম ওভারের ঘটনা। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর আক্রমণ করছিলেন নিউজিল্যান্ডের ওপেনার সাইফার্ট। গুরনুরের বলেও বড় শট খেলেছিলেন তিনি। তার আগে দু’জনের মধ্যে কথার লড়াইও হয়েছিল। গুরনুরের একটি ওভারে পর পর দু’টি বাউন্ডারি মেরে ভারতীয় বোলারকে চাপে ফেলে দেন সাইফার্ট।
আরও পড়ুন: শেষ মুহূর্তে ফাজিলার গোল, আইডব্লিউএলে জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
কিন্তু শেষে গুরনুরের বলেই আউট হন কিউই ওপেনার। তাঁর একটি শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে ঠিক মতো সংযোগ করতে পারেননি সাইফার্ট। বল উঠে যায় আকাশে। অনেকটা দৌড়ে এসে উইকেটের পিছনে সেই দুরন্ত ক্যাচ ধরেন ইশান কিষাণ। ৪৮ বলে ৫৮ রান করে ফিরে যেতে হয় নিউজিল্যান্ড ওপেনারকে। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও তিনটি ছয়। উইল ইয়ংয়ের সঙ্গে ৮৫ রানের উদ্বোধনী জুটিও ভাঙে এই উইকেটে।
কিন্তু উইকেট পাওয়ার পরেই উত্তেজিত হয়ে পড়েন গুরনুর। সাইফার্টের দিকে এগিয়ে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে তাঁকে বিদায় জানান ভারতের তরুণ পেসার। সেই আচরণে খুশি হননি নিউজিল্যান্ডের ব্যাটারও। তিনিও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে উদ্যত হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল।
ঠিক তখনই মাঝখানে চলে আসেন বিরাট কোহলি। গুরনুরকে ধরে সরিয়ে নিয়ে যান তিনি। সতীর্থকে শান্ত করার চেষ্টা করেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। যদিও সাইফার্টের দিকেও কিছু বলতে দেখা যায় তাঁকে। মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউনও পরে গুরনুরের সঙ্গে কথা বলেন। তাঁর আচরণ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বলে মনে করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে ধারাভাষ্যকারদের মধ্যেও আলোচনা শুরু হয়। কারণ, প্রতিপক্ষের সঙ্গে আগ্রাসী আচরণের জন্য পরিচিত কোহলিকে এ দিন দেখা গেল শান্তির দূত হিসেবে। সমাজমাধ্যমেও অনেকে এই দৃশ্য নিয়ে মজা করেছেন। যে বিরাট নিজেই এক সময় মাঠে উত্তেজনার কেন্দ্রে থাকতেন, তিনিই এখন সতীর্থকে সংযত থাকার পরামর্শ দিচ্ছেন! যাকে অনেকে ‘বয়সের ধর্ম’ বলেও মন্তব্য করেছেন।
সেই ঘটনার পুরস্কার স্বরূপই তাঁকে টেস্ট দলে জায়গা দেওয়া হল কি না, তা অবশ্য স্পষ্ট নয়। নিইজিল্যান্ডে আসার পর থেকে ভাল ফর্মে আছেন তিনি। অকল্যান্ডে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৪ রানে তিন উইকেট দেন। ওয়েলিংটনে চার উইকেট নেন ৩০ রান দিয়ে। হ্যামিল্টনে বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ে তিনি দুটি উইকেট নেন ঠিকই। তবে ৬৯ রান দেন।
টেস্টেও পেস-সহায়ক উইকেটে খেলতে হবে, সম্ভবত এমনই ইঙ্গিত পেয়েছে ভারতীয় দল। তাই গুরুনুরকে রেখে দেওয়া হল এবং কুলদীপকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে ওয়েলিংটনে ভারতীয় টেস্ট দলের শিবিরে যোগ দিচ্ছেন গুরনুর এবং সে জন্য শেষ ওয়ান ডে-তে তিনি খেলতে পারবেন না। এর মধ্যে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ওয়েলিংটনে পৌঁছে গিয়েছেন এবং টেস্ট দলের শিবিরে যোগ দিয়েছেন।
আপাতত ভারতের টেস্ট স্কোয়াড যা দাঁড়াল, তা এরকম: শুভমান, যশস্বী, রাহুল, পাডিক্কাল, ঋষভ, জুরেল, জাদেজা, অংশুল কম্বোজ, বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, সুদর্শন, নীতীশ, ওয়াশিংটন, সিরাজ ও গুরনুর।
দেখুন:




