শুক্রবার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৫-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। চূড়ান্ত পুরস্কার প্রাপকদের তালিকায় বাংলার কোনও খেলোয়াড়ের নাম নেই।
সূত্র অনুযায়ী, এর আগে, ২০২৫-এর ডিসেম্বরে সম্ভাব্য মনোনয়ন নিয়ে আলোচনায় উঠে এসেছিল বাংলার কয়েকজন খেলোয়াড়ের নাম। তাদের মধ্যে ছিলেন জিমন্যাস্ট প্রণতি নায়েক, শুটার মেহুলি ঘোষ এবং টেবল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। তবে ১৭ জন অর্জুন পুরস্কারপ্রাপক এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপকদের চূড়ান্ত তালিকায় বাংলার খেলোয়াড়দের নাম বাদ দেওয়া হয়।
দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার ২০২৪-ও প্রদান করা হয়।
২০২৫ সালের অর্জুন পুরস্কারের জন্য মোট ১৭ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছিল। অ্যাথলিট তেজস্বিন শঙ্কর ও প্রিয়াঙ্কা গোস্বামী, দাবাড়ু দিব্যা জিতেন্দ্র দেশমুখ, হকি খেলোয়াড় রাজকুমার পাল এবং কবাডি খেলোয়াড় পূজাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রাক্তন ফুটবলার ইসাইয়া অরুময় নৈগমকে সারা জীবনের অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে।
এ ছাড়া, পাঁচজন প্রশিক্ষককে তাঁদের সারা জীবনের অবদানের স্বীকৃতি হিসেবে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবীর সিং, ছোটে লাল যাদব এবং নেহা নন্দকুমার চবন নিয়মিত বিভাগে এই পুরস্কার পেয়েছেন। সারা জীবনের অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন ধর্মেন্দ্র সিং যাদব ও বীরেন্দ্র কুমার।
খেলাধুলার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুনের আর্মি প্যারালিম্পিক নোডকে জাতীয় ক্রীড়া প্রোৎসাহন পুরস্কার প্রদান করা হয়েছে। বলজিৎ কৌর ও রিমো সাহা-সহ চারজনকে তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার ২০২৪-এ সম্মানিত করা হয়।




