• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

হেনরির বিষাক্ত বলে বোল্ড হওয়ার পর তাঁকে কী উপহার দিলেন বিরাট কোহলি? নিজেই জানালেন কিউই পেসার

ম্যাচ শেষে বিরাট কোহলির কাছ থেকে বিশেষ জার্সি চেয়েও পেয়েছেন হেনরি। সেই উপহারকে তাঁর কাছে বিশেষ সম্মানের। বলেছেন

হেনরির বিষাক্ত বলে বোল্ড হওয়ার পর তাঁকে কী উপহার দিলেন বিরাট কোহলি? নিজেই জানালেন কিউই পেসার

Virat Kohli-Matt Henry Photo-SNS

রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার— এক ওভারে তিন মহাতারকাকে ফিরিয়ে দিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৭ রানে ছ’উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন ২৪৪ রানের বিশাল জয়। কিন্তু এমন দুরন্ত পারফরম্যান্সের পরেও আত্মতুষ্ট নন ম্যাট হেনরি। বরং রোহিত-বিরাটের মতো ব্যাটারদের বিরুদ্ধে নিজের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও বিশেষ কৌশল অবলম্বন করেননি। নিজের স্বাভাবিক বলেই আউট করেছেন এই দুই বিশ্বসেরা ব্যাটারকে।

মাউন্ট মাউনগানুইয়ে চতুর্থ এক দিনের ম্যাচে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় ভারত। প্রথম বলে রোহিতকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন হেনরি। তার পর বিরাটকে বোল্ড করেন ভিতরে ঢুকে আসা বলে। ওভারের শেষ বলে শ্রেয়সকে এলবিডব্লিউ করেন তিনি। তিন জনেরই নামের পাশে শূন্য। শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে হেনরিকে প্রশ্ন করা হয়, রোহিত এবং বিরাটের বিরুদ্ধে কি তাঁর বিশেষ কোনও সাফল্যের রসায়ন রয়েছে? উত্তরে নিউজিল্যান্ডের পেসার বলেন, ‘আমি এমন কিছুই বলছি না, একেবারেই না। ওরা বিশ্বমানের ক্রিকেটার। ওদের বিরুদ্ধে বোলিং করা আমি বরাবরই উপভোগ করেছি। অনেক বার ওরাই আমার বিরুদ্ধে ভাল খেলেছে’।

রোহিত এবং বিরাটের উইকেট যে কতটা গুরুত্বপূর্ণ, তা-ও বুঝিয়ে দিয়েছেন হেনরি। তাঁর কথায়, ‘আমাদের কাছে এগুলো বিশাল উইকেট। ওদের অভিজ্ঞতা, এখনও যে ভাবে রান করছে এবং যে গতিতে রান তুলতে পারে, তাতে খুব দ্রুত ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রয়েছে। এক দিনের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে ওরা সম্ভবত বিশ্বের সেরা দুই ব্যাটার’।

ভারতের বিরুদ্ধে গোটা নিউজিল্যান্ড বোলিং বিভাগের ধারাবাহিকতাকেও কৃতিত্ব দিয়েছেন হেনরি। বলেছেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা শুরু থেকেই চাপ তৈরি করার চেষ্টা করেছি। নতুন বলে এই সিরিজে আমাদের পারফরম্যান্স অসাধারণ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপের বিরুদ্ধে উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করতে পেরেছি। প্রথম দু’টি ম্যাচেও আমরা সেটা দেখিয়েছিলাম। যদিও ফল আমাদের পক্ষে যায়নি। আজ আবার সেটা করতে পেরেছি’।

নিজের ছ’উইকেটের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে হেনরি জানিয়েছেন, ব্যাটারদের স্টাম্পে আক্রমণ করাই ছিল তাঁর মূল পরিকল্পনা। ‘বল যখন এ ভাবে সুইং করে, তখন সুবিধা হয় ঠিকই। কিন্তু আমার লক্ষ্য ছিল স্টাম্পে। পরিকল্পনাটা খুব সহজ রাখার চেষ্টা করেছি। হাওয়ার বিপরীতে বল করছিলাম বলে পরিকল্পনা আরও সরল হয়ে গিয়েছিল। সাধারণত যতটা আক্রমণাত্মক থাকি, এ দিন হয়তো ততটা ছিলাম না। কিন্তু সঠিক জায়গায় ধারাবাহিক ভাবে বল করাটাই কার্যকর হয়েছে’।

উইকেটের আচরণ বুঝে ‘ওবল সিম’ ব্যবহার করার কথাও জানিয়েছেন তিনি। হেনরির ব্যাখ্যা, ‘ওবল সিম আমার বোলিংয়ে খুব গুরুত্বপূর্ণ। যখন বল বাইরে সুইং করানো সম্ভব হয় না, তখন এই পদ্ধতিতে অন্য ভাবে ব্যাটারকে সমস্যায় ফেলা যায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল। তবে শুধু ওবল সিম ব্যবহার করলেই হবে না, সঠিক জায়গায় ধারাবাহিক ভাবে বল করতে হবে। বল কোন দিকে মুভ করবে, তা সব সময় বোঝা যায় না’।

ম্যাচ শেষে বিরাট কোহলির কাছ থেকে বিশেষ জার্সি চেয়েও পেয়েছেন হেনরি। সেই উপহারকে তাঁর কাছে বিশেষ সম্মানের। বলেছেন, ‘আমি নিজেই ওর জার্সিটা চেয়েছিলাম। এত বছর ধরে ওর বিরুদ্ধে খেলেছি। ও বিশ্বমানের ক্রিকেটার, অসাধারণ মানুষও। ওর কাছ থেকে জার্সি পাওয়াটা সত্যিই বিশেষ অনুভূতি। খুব ভাল লাগছে’।

ভারত সফরে আসন্ন টেস্ট সিরিজ নিয়েও আগ্রহী হেনরি। তবে এখনই সেই ভাবনায় ডুবতে চান না। তাঁর কথায়, ‘ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ রয়েছে। তাই এখনই বেশি কিছু বলে ফেলতে চাই না। টেস্ট সিরিজটা দারুণ হবে। তবে তার আগে আমাদের আরও একটি ওয়ান ডে ম্যাচ রয়েছে। সেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই এখন প্রধান লক্ষ্য’।