• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

সীমান্তে জওয়ানদের ভাইফোঁটা দিলেন নদিয়ার ধরমপুরের মহিলারা, গড়ে উঠল সম্পর্কের বাঁধন

বেজে ওঠে শঙ্খধ্বনি। জওয়ানরাও মহিলাদের এই অ্যাপায়ন দেখে অনেকে আবেগে ভেসে যান। আসলে বাড়ি থেকে দূরে থেকেও যে

সীমান্তে জওয়ানদের ভাইফোঁটা দিলেন নদিয়ার ধরমপুরের মহিলারা, গড়ে উঠল সম্পর্কের বাঁধন

Village Woman's Bhai Dooj To Jawans Photo-SNS

দেশের সুরক্ষার স্বার্থে পরিবারের সদস্যদের ছেড়ে সীমান্তে দিন কাটানো বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ধরমপুর গ্রামের মহিলারা। উৎসবের দিনেও বাড়ির তাঁদের বেদনা ঘুচিয়ে সীমান্তের কাঁটাতারের ধারেই গড়ে উঠল এক টুকরো ঘরোয়া পরিবেশ। শীত, গ্রীষ্ম, বর্ষা সীমান্তের গ্রামের ভরসা এই জওয়ানরা। তাই বাড়ির দিদি-বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়া সম্ভব হয় না। তাই ধরমপুর গ্রামের মহিলারাই হয়ে উঠলেন জওয়ানদের বোন-দিদি। ভাই-দাদা সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে এই গ্রামের বোন-দিদিদের নিরাপত্তা দেয়। তাই এখানের মহিলারা বোন-দিদির ভূমিকায় জওয়ানদের কপালে ভাইফোঁটা দিলেন। এভাবেই নয়া সম্পর্কের বাঁধন গড়ে উঠল।

ভাইফোঁটা দিয়ে জওয়ানদের মুখে হাসি ফোটালেন নদিয়ার ধরমপুরের মহিলারা। ভারত-বাংলাদেশ সীমান্তের টুঙ্গি এলাকায় ৩২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের কপালে ভাইফোঁটা দিয়ে তাঁদের আত্মীয়তার বন্ধনে জড়ালেন তাঁরা। এদিন ভ্রাতৃদ্বিতীয়ায় গ্রামের মহিলারা নিজেদের উদ্যোগে মিষ্টির থালা সাজিয়ে পৌঁছে যান সীমান্তে। বাড়ির ভাইফোঁটার ধাঁচেই আয়োজন করা হয় অনুষ্ঠানের। নতুন পোশাকে সেজেগুজে, শাঁখ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে ধান-দূর্বা দিয়ে জওয়ানদের বরণ করেন তাঁরা। একে একে তাঁদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আর এভাবেই তৈরি হয় এক টুকরো ঘরোয়া উৎসবের পরিবেশ।

Dharampur Village Woman's Bhai Dooj Photo-SNS
Dharampur Village Woman’s Bhai Dooj Photo-SNS

বেজে ওঠে শঙ্খধ্বনি। জওয়ানরাও মহিলাদের এই অ্যাপায়ন দেখে অনেকে আবেগে ভেসে যান। আসলে বাড়ি থেকে দূরে থেকেও যে কপালে ফোঁটা পড়বে তা তাঁরা কল্পনাও করতে পারেননি। তাই তাঁরাও গ্রামের মহিলাদের দিদি-বোন বলে সম্বোধন করলেন। গ্রামের মহিলাদের বক্তব্য, দেশের সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে বিএসএফ জওয়ানদের অনেককেই দূরে থাকতে হয়। উৎসবের দিনেও বাড়ি ফেরার সুযোগ হয় না। ভাইফোঁটার মতো পারিবারিক অনুষ্ঠানেও বোনেদের স্নেহ থেকে দূরে থাকেন তাঁরা। পরিবারের অভাব কাটাতেই গ্রামের মহিলারা একজোট হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জওয়ানরা শুধু দেশের রক্ষক নন, পরিবারেরই একজন ভাইও।

তাছাড়া জওয়ানদের যেমন ভাল লেগেছে ভাইফোঁটা পেয়ে তেমন মহিলাদেরও আনন্দ হয়েছে এমন অনুষ্ঠানে যোগ দিয়ে। এখানের মিনতি দাস, সুচরিতা রক্ষিতরা ভাইফোঁটা অনুষ্ঠানের পর বলেন, ‘ভীষণ ভাল লাগছে। মনটা শান্তিতে ভরে গিয়েছে। সবাইকে নিয়ে এমন আনন্দ আগে কখনও পাইনি। যাঁরা শীত, বর্ষা, গ্রীষ্ম উপেক্ষা করে প্রতিনিয়ত আমাদের রক্ষা করেন, এদিন তাঁদের ভাইফোঁটা দিতে এসেছি। ওঁরা আরও ভাল থাকুন, সুস্থ থাকুন। তাঁদের জীবন সুখের হোক। ওঁরা সুস্থ থাকলে আমাদের দেশকেও আরও ভালভাবে রক্ষা করতে পারবেন।’