• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

Explainer: মানুষের সাধ্যের বাইরে বাঁচার খরচ-বাড়িভাড়া, ১৪ বছর পর দেশজোড়া ধর্মঘটে অবরুদ্ধ স্পেনে: সরকার বাঁচাতে আগাম ভোটের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন আসন্ন?

বাড়িভাড়ার সংকট এবং এক বৃদ্ধার মৃত্যুর প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট স্পেনে। সরকার বাঁচাতে আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ। দেশে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত।

Explainer: মানুষের সাধ্যের বাইরে বাঁচার খরচ-বাড়িভাড়া, ১৪ বছর পর দেশজোড়া ধর্মঘটে অবরুদ্ধ স্পেনে: সরকার বাঁচাতে আগাম ভোটের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন আসন্ন?

Spain’s first general strike in 14 years brings clashing social and political desires to the fore (Image: X/@ProgIntl)

গত এক দশকে হু হু করে বেড়েছে বাড়িভাড়া। একটা সাধারণ ফ্ল্যাট বা ঘর ভাড়া নিতে গিয়ে রীতিমতো পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। আর এই মাথা গোঁজার ঠাঁইয়ের দাবিতেই দীর্ঘ ১৪ বছর পর দেশজুড়ে এক নজিরবিহীন সাধারণ ধর্মঘটের (general strike) সাক্ষী রইল স্পেন (Spain)। এই প্রবল জনরোষ সামাল দিতে না পেরে বাধ্য হয়েই আগামী ২৯ নভেম্বর দেশে আগাম নির্বাচনের (snap election) ডাক দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ (Pedro Sanchez)।

ধর্মঘটের ব্যাপক প্রভাব

স্পেনের দু’টি প্রধান শ্রমিক সংগঠন, ইউজিটি (UGT) এবং সিসিওও (CCOO) এই ধর্মঘটের ডাক দিয়েছিল। বুধবার ধর্মঘটের শুরুতেই ব্যাপক প্রভাব পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া শ্রমিক সংগঠনগুলির বিবৃতি অনুযায়ী, কৌশলগত ক্ষেত্রগুলিতে, বিশেষত বন্দর এবং অটোমোবাইল সেক্টরে প্রায় ৯০ শতাংশ কাজ স্তব্ধ হয়ে যায়।

রাজধানী মাদ্রিদের (Madrid) উপকণ্ঠে অবস্থিত দেশের প্রধান পাইকারি বাজারের কাছে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধও বেঁধে যায়। গত ১৪ বছরের মধ্যে স্পেনে এমন সর্বাত্মক সাধারণ ধর্মঘটের চিত্র দেখা যায়নি।

ধর্মঘটের নেপথ্যে: এক বৃদ্ধার মৃত্যু ও বাড়িভাড়ার সংকট

এই গণবিক্ষোভ বা ধর্মঘটের কারণ একদিনে তৈরি হয়নি। গত ১০ বছরে স্পেনে বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রবল ক্ষোভ জমছিল।

তবে এই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দেয় গত সেপ্টেম্বর মাসের একটি মর্মান্তিক ঘটনা। মাদ্রিদে ৮৭ বছর বয়সি এক বৃদ্ধা, মারিকামেন আবাসকালকে (Maricarmen Abascal) জোর করে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এর কয়েক দিনের মধ্যেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাউজিং অ্যাক্টিভিস্টরা (housing activists) দেশজুড়ে আন্দোলনে নামেন এবং সাধারণ ধর্মঘটের ডাক দেন।

আগাম নির্বাচন: রেজিম চেঞ্জের ইঙ্গিত

জনতার এই ক্ষোভ প্রশমিত করতে সংসদে একগুচ্ছ নতুন আবাসন নীতি বা হাউজিং মেজারস (housing measures) পেশ করেছিল পেদ্রো সাঞ্চেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সংখ্যালঘু সরকার। কিন্তু সেই প্রস্তাব সংসদে পাস করানো সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই সরকার ভেঙে আগামী ২৯ নভেম্বর দেশে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার লা ভ্যানগার্ডিয়া (La Vanguardia) সংবাদপত্রে প্রকাশিত একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ বলেছেন, ‘এই ধর্মঘট কারও বিরুদ্ধে নয়, বরং আবাসনের অধিকারের মতো একটি বাস্তব সমস্যার সমাধানে সরকারের সমস্ত স্তরের একসঙ্গে কাজ করার পক্ষেই একটা বড় বার্তা’। তিনি যতই আন্দোলনের হাওয়া নিজের দিকে নেওয়ার চেষ্টা করুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পেনে সাধারণ মানুষের এই ক্ষোভ ও আগাম নির্বাচন স্পষ্টতই দেশের রাজনীতিতে আরও একটি ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতার পালাবদলের জোরালো ইঙ্গিত দিচ্ছে।