• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধনখড় চিকিৎসাধীন এইমস হাসপাতালে

তাছাড়া গত কয়েক বছরে বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন জগদীপ ধনখড়। ২০২৫ সালের মার্চে বুকে ব্যথার জেরে তাঁকে এইমস

জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধনখড় চিকিৎসাধীন এইমস হাসপাতালে

Former Vice President Jagdeep Dhankar Photo-ANI

দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি এইমস হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি বলে সূত্রের খবর। কী হয়েছে জগদীপ ধনখড়ের সেটা এখনও স্পষ্ট নয়। তবে এক অফিসার জানান, নিজের বাসভবনের শৌচাগারে যাওয়ার সময় দু’বার জ্ঞান হারান তিনি। এমনকী প্রাতঃভ্রমণে যখন বের হয়েছিলেন তখন ফের একবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। বারবার জ্ঞান হারানোর ঘটনায় আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে প্রত্যেকদিনের মতো বুধবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৭৫ বছরের জগদীপ ধনখড়। তখনই জ্ঞান হারান তিনি। আর মাটিতে পড়ে যান। তার পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে পুলিশের গাড়িতে করে তাঁর বাসভবনে নিয়ে যান। সেখানে ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের চিকিৎসকদের একটি দল এবং এইমস হাসপাতালের চিকিৎসক সন্দীপ শেঠ প্রাক্তন উপরাষ্ট্রপতির প্রাথমিক চিকিৎসা করেন। পরে শারীরিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত জগদীপ ধনখড়কে এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে এইমস হাসপাতালে এখন জগদীপ ধনখড়কে হাসপাতালের কার্ডিয়ো-নিউরো সেন্টারে রাখা হয়েছে। তবে স্বাস্থ্য বিষয়ক কোনও রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি এইমস কর্তৃপক্ষ। কী কারণে জগদীপ ধনখড় জ্ঞান হারান সেটা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। তাঁর এমআরআই করানো হবে। ওই অফিসার জানান, এমআইআর ছাড়াও আরও কয়েকটি চিকিৎসা করানো হবে জগদীপ ধনখড়ের। সব রিপোর্ট খতিয়ে দেখার পরই চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরবর্তী তথ্য দেবেন। এই প্রথম নয়, আগেও কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন জগদীপ ধনখড়। বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানের মাঝেও এমন ঘটনা ঘটেছিল।

তাছাড়া গত কয়েক বছরে বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন জগদীপ ধনখড়। ২০২৫ সালের মার্চে বুকে ব্যথার জেরে তাঁকে এইমস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। তখন তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টিও করা হয়েছিল। ওই বছরের জুন মাসে নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়েছিলেন ধনখড়। তার আগে জানুয়ারি মাসে নিজের বাসভবনেই শৌচাগারে যাওয়ার সময়ে তিনি পর পর দু’বার অজ্ঞান হয়ে যান বলে সূত্রের খবর। উল্লেখ্য, পাঁচ বছরের মেয়াদ শেষের অনেক আগেই গত ২১ জুলাই রাতে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। পরদিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়। জগদীপ ধনখড় ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক অসুস্থতার জেরেই এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।