• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

লাইনচ্যুত হতেই আতঙ্কে ঘুম ভাঙল যাত্রীদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন আইআরসিটিসি কর্মী

লাইনচ্যুত অবস্থাতেই প্রায় ১ কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। সেই সময় কামরার ভিতরে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। নিজের আসন থেকে তিনি ৩ বার পড়ে যান। আতঙ্কিত যাত্রীরা দরজা খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্রায় ১০ মিনিট পর শেষ পর্যন্ত থামে ট্রেনটি।

লাইনচ্যুত হতেই আতঙ্কে ঘুম ভাঙল যাত্রীদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন আইআরসিটিসি কর্মী

Photo: Statesman

অসমের গুয়াহাটির কাছে দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত হয় কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৫টি কামরা। আচমকা বিকট শব্দ, কামরার ভিতরে যাত্রীদের পড়ে যাওয়ার মতো ঘটনা, সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ট্রেনের ভিতরে। দুর্ঘটনার সময়ে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। তাঁদের ঘুম ভাঙে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে।

দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ট্রেনের প্যান্ট্রি কারের ম্যানেজার। তাঁর কথায়, গুয়াহাটি পর্যন্ত ট্রেনের যাত্রা স্বাভাবিক ছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের ট্রেনটি যাত্রা শুরু করে। দিগারু স্টেশনের কাছে পৌঁছনোর সময়ে ট্রেনের গতি কিছুটা কমে যায়। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম পেরোনোর পরেই আচমকা একটি অস্বাভাবিক শব্দ হয়।

প্যান্ট্রি কারের ম্যানজার বলেন, ‘সকাল প্রায় ৫টা নাগাদ আমরা ঘুমিয়ে ছিলাম। গুয়াহাটি পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। দিগারু স্টেশনে ট্রেনের গতি কিছুটা কমে। প্ল্যাটফর্ম পেরোনোর পরে একটা শব্দ শুনতে পাই। ঠিক কীসের শব্দ ছিল, তা আমরা জানি না।’

তিনি আরও জানান, কয়েক মিটার এগোনোর পরেই তাঁর মনে হয় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। কিন্তু লাইনচ্যুত অবস্থাতেই প্রায় ১ কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। সেই সময় কামরার ভিতরে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। নিজের আসন থেকে তিনি ৩ বার পড়ে যান। আতঙ্কিত যাত্রীরা দরজা খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্রায় ১০ মিনিট পর শেষ পর্যন্ত থামে ট্রেনটি।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) এক মুখপাত্র প্রথমে জানান, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, দুর্ঘটনায় ৪জন সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার।

আরও পড়ুন: লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিলের পাশাপাশি ঘুরপথে চলবে কোন কোন ট্রেন?

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আটকে পড়া যাত্রীদের জন্য পানীয় জল, খাবার-সহ প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ট্রেনে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।