কালীপুজোর পরেও শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি চালাল পুলিশ। ১০ নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে বিশৃঙ্খল আচরণের অভিযোগে মোট ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ওইদিন মোট ১৩.১ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। বাজি ফাটানোর অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে বিশৃঙ্খল আচরণের জন্য পুলিশ গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৩৬৩টি মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ১৬৮ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হেলমেট ছাড়া বাইকের পিছনে বসে যাতায়াত করার জন্য ৪৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৩২ জন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৮৮টি মামলা দায়ের হয়েছে। কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ নজরদারি চালাচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেও পুলিশ নজরদারির পাশাপাশি অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: রাতের শহরে নিষিদ্ধ বাজির দাপট, কলকাতায় গ্রেপ্তার ৫৯২, দায়ের ৫৯৩টি মামলা
উল্লেখ্য, এর আগে কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানো ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে ৫৯২ জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সেই সঙ্গে ২৩৮ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছিল। কলকাতা পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভব্য আচরণের অভিযোগে ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ২৩৮.৫ কেজি শব্দ বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সঙ্গে ৬ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছিল।




