• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

কালিঘাটের অশান্তির তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে, ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

কালিঘাটের অশান্তির তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে। পুলিশকর্মীদের হেনস্থা এবং দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার তদন্তে

কালিঘাটের অশান্তির তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে, ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

PIC- SNS

কালিঘাটের অশান্তির তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে। পুলিশকর্মীদের হেনস্থা এবং দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার তদন্তে এবার বিশেষ তদন্তকারী দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করল পুলিশ। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তিন অভিযুক্তকে কালিঘাটে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালিঘাট এলাকা। স্থানীয় নেতাদের দুই গোষ্ঠী ও তাঁদের অনুগামীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি এবং ইটবৃষ্টির ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিষেকের অভিযোগ, ওই ঘটনায় একটি তৃণমূল কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদের উপরেও হামলার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে কয়েকটি পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করেছে। গুরিয়া হরিপাল নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ওই মামলার এফআইআরে কারও নাম উল্লেখ করা হয়নি। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃতেরা সকলেই তাঁদের দলের সঙ্গে যুক্ত। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয়েছে শ্রীদীপকে। অন্যদিকে, গুরিয়া হরিপালের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৌকির ও এরশাদকে।

গত রবিবার ধৃত তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হলে তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

বারবার দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং তার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অশান্তির নেপথ্যে থাকা বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।