• facebook
  • twitter
  • youtube
Wednesday, 4 November, 2026

সার্ভিস রিভলভারের গুলিতে নিজেকে ঝাঁঝরা করলেন কনস্টেবল, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটি করছিলেন সঞ্জয় জানা। তিনি সহকর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে লরিগুলি সরানোর কাজ করছিলেন

সার্ভিস রিভলভারের গুলিতে নিজেকে ঝাঁঝরা করলেন কনস্টেবল, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Police Constable Body Photo-Representative

সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কাঁকসা ট্রাফিক গার্ডের এক পুলিশকর্মী। মাঝরাতে পাণ্ডবেশ্বরের পানাগড় বাইপাস সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। যা সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। কিন্তু কেন এমন পথ বেছে নিলেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তিনি খুব ভাল কাজ করছিলেন। কারও সঙ্গে বিবাদ ছিল না। কর্মস্থলে সম্পর্ক সকলের সঙ্গে ভালই ছিল। তাহলে এমন কী ঘটল? যার জন্য চরম সিদ্ধান্ত নিতে হল। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই কনস্টেবলের বাড়ি মেদিনীপুর। তিনি পোস্টিং ছিলেন দুর্গাপুরে। কাঁকসা ট্রাফিক গার্ডের কনস্টেবলের নাম সঞ্জয় জানা। হঠাৎই মর্মান্তিক পরিণতি ঘটে। নিজের সার্ভিস রিভলভারের গুলিতেই ঝাঁঝরা হয়ে গেলেন! মাঝরাতে জাতীয় সড়কের সার্ভিস রোডে নিজের সার্ভিস রিভলভার মাথায় ঠেকিয়ে পরপর চার রাউন্ড গুলি চালান ওই কনস্টেবল। তবে কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হঠাৎ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান তাঁর সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় ওই কনস্টেবলকে পড়ে থাকতে দেখেন তাঁরা। দ্রুত দুর্গারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে গুলি চালাল সেটা এখনও জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটি করছিলেন সঞ্জয় জানা। তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিগুলি সরানোর কাজ করছিলেন। তখন সহকর্মীরা একটি লরির আড়ালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা দেখেন, ঘটনাস্থল রক্তে ভেসে যাচ্ছে এবং সঞ্জয়ের মাথায় গুলির আঘাত রয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।

তাছাড়া বুধবার সকালে পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খতিয়ে দেখেন। ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে। মৃত্যুর পিছনে কোন কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার বলেন, ‘নিজেই গুলি করেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু সেই নিয়ে তদন্ত করা হচ্ছে।’