• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

‘কাতিল নেহি, আশিক হুঁ!’ ‘কিং’-এর নতুন লুকে চমক শাহরুখের, মুক্তি ২৪ ডিসেম্বর

জন্মদিনের আগেই অনুরাগীদের বড় চমক দিলেন শাহরুখ খান। একদিকে বলিউড বাদশার জন্মদিন, অন্যদিকে তাঁর আগামী ছবি ‘কিং’-এর মুক্তির

‘কাতিল নেহি, আশিক হুঁ!’ ‘কিং’-এর নতুন লুকে চমক শাহরুখের, মুক্তি ২৪ ডিসেম্বর

PIC- TEAM SRK

জন্মদিনের আগেই অনুরাগীদের বড় চমক দিলেন শাহরুখ খান। একদিকে বলিউড বাদশার জন্মদিন, অন্যদিকে তাঁর আগামী ছবি ‘কিং’-এর মুক্তির দিন এগিয়ে আসছে। তার মাঝেই মঙ্গলবার সমাজমাধ্যমে নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেতা। পোস্টারে শাহরুখের চোখেমুখে রহস্যময় অভিব্যক্তি, ঠোঁটে গোলাপ আর হাতে বন্দুক। সঙ্গে তাঁর বার্তা, ‘কাতিল নেহি… আশিক হুঁ!’ পোস্টার প্রকাশ্যে আসতেই ছবিটি ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ফের জুটি বাঁধছেন অভিনেতা। তাই অনুরাগীদের একাংশের অনুমান, জন্মদিনেই প্রকাশ্যে আসতে পারে ‘কিং’-এর প্রথম ঝলক বা টিজার। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তার আগেই নতুন পোস্টার প্রকাশ করে ছবির মুক্তির দিন জানিয়ে দিলেন শাহরুখ। চলতি বছরের ২৪ ডিসেম্বর, বড়দিনের ঠিক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

পোস্টারটি ভাগ করে শাহরুখ লিখেছেন, “আজ ফির ইয়াদ আয়া… কাতিল নাহি আশিক হুঁ। #KING। প্রেক্ষাগৃহে আসছে ২৪.১২.২৬-এ।” তাঁর এই নতুন লুক ইতিমধ্যেই ছবিপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই হিন্দি অ্যাকশন-থ্রিলার ছবিতে শাহরুখকে দেখা যাবে একেবারে অন্য মেজাজে। ছবিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এই প্রথম বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। তাঁর চরিত্রটি অন্ধকারাচ্ছন্ন ও হিংস্র বলে জানা গিয়েছে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল এবং অভয় ভার্মা। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।

 

 

উল্লেখ্য, ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় সুহানার। ছবিটি মুক্তি পেয়েছিল ডিজিটাল মাধ্যমে। অন্যদিকে, শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে। কমেডি-ড্রামা ঘরানার এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন তাপসী পান্নু, বোমান ইরানি, অনিল গ্রোভার ও বিক্রম কোচার। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল ভিকি কৌশলকেও। মুক্তির পর বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবিটি। এ বার ‘কিং’-এর হাত ধরে শাহরুখের পর্দায় প্রত্যাবর্তনের অপেক্ষায় অনুরাগীরা।