• facebook
  • twitter
  • youtube
Tuesday, 29 September, 2026

‘এল নিনো’র জন্য রবিশস্য চাষে ধাক্কার আশঙ্কা, উৎপাদন প্রভাবিত হতে পারে বলে সতর্কবার্তা কৃষি সচিবের

এল নিনোর প্রভাবে বৃষ্টি-নির্ভর এলাকাগুলিতে রবি ফসলের উৎপাদন ধাক্কা খেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সচিব অতীশ চন্দ্র। শুধু ফসল বোনা নয়, বোনা ফসল টিকিয়ে রাখাও এবার চ্যালেঞ্জ হতে পারে বলে তাঁর আশঙ্কা

‘এল নিনো’র জন্য রবিশস্য চাষে ধাক্কার আশঙ্কা, উৎপাদন প্রভাবিত হতে পারে বলে সতর্কবার্তা কৃষি সচিবের

Image: IANS

দেশের এক প্রান্তে অতিবৃষ্টি, অন্য প্রান্তে খরা – আবহাওয়ার এই দুই বিপরীত ছবির প্রভাব পড়েছে কৃষিকাজে। এর মধ্যেই আসন্ন রবি মরসুম নিয়েও সতর্কবার্তা দিল কেন্দ্র। এল নিনোর (El Nino) প্রভাবে বৃষ্টি-নির্ভর এলাকাগুলিতে রবি ফসলের উৎপাদন ধাক্কা খেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সচিব অতীশ চন্দ্র। শুধু ফসল বোনা নয়, বোনা ফসল টিকিয়ে রাখাও এবার চ্যালেঞ্জ হতে পারে বলে তাঁর আশঙ্কা।  

সোমবার রবি মরসুমের প্রস্তুতি নিয়ে আয়োজিত ২ দিনের জাতীয় সম্মেলনে এই আশঙ্কার কথা জানান কৃষি সচিব। তিনি বলেন, সদ্য শেষ হওয়া খরিফ মরসুমেও বৃষ্টি-নির্ভর বহু এলাকায় কৃষকদের সমস্যায় পড়তে হয়েছে। কোথাও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষে সমস্যা হয়েছে, আবার কোথাও অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হয়েছে। আগামী রবি মরসুমেও সেই পরিস্থিতির প্রভাব থাকতে পারে।

মহারাষ্ট্রের ৩৫৮টি তহসিলের মধ্যে ২৬৫টিকেই ইতিমধ্যে খরাকবলিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে গত ৩ দিনে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি ও বৃষ্টির ঘাটতির এই পরিস্থিতি খরিফ ফসলের উপর প্রভাব ফেলেছে। অক্টোবর থেকে গম, সর্ষে-সহ রবি ফসলের বপন শুরু হবে। সেই সময়েও আবহাওয়ার সমস্যা কৃষকদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আজ খুলছে ব্যাঙ্ক

অতীশ চন্দ্রের ব্যাখ্যা, অতিবৃষ্টির কবলে পড়া রাজ্যগুলিতে রবি মরসুমের শুরুতেও মাটিতে অতিরিক্ত জল বা আর্দ্রতা থাকতে পারে। আবার যেসব এলাকায় বৃষ্টির ঘাটতি রয়েছে, সেখানে মাটি শুকিয়ে থাকার কারণে চাষে সমস্যা হতে পারে। ফলে রবি ফসলের জন্য প্রয়োজনীয় মাটি ও আবহাওয়া অনেক জায়গায় নাও মিলতে পারে। পরিস্থিতি অনুযায়ী কৃষকদের চাষের কৌশল বদলাতে হবে বলেও জানান তিনি।

কৃষি সচিবের কথায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, তার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এমনকি সেচের সুবিধা থাকা এলাকাতেও অসময়ে ভারী বৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে।

দেশে সাধারণত প্রায় ৬৩৮ লক্ষ হেক্টর জমিতে রবি ফসলের চাষ হয়। এর মধ্যে প্রায় ৩০০ লক্ষ হেক্টরে গম, ১৪০ লক্ষ হেক্টরে ডাল এবং ৮৭ লক্ষ হেক্টরে তৈলবীজের চাষ হয়। খাদ্যশস্যে ভারত স্বনির্ভর হলেও ডাল ও তৈলবীজের জন্য এখনও আমদানির উপর নির্ভর করতে হয়। এবার এল নিনোর (El Nino) প্রভাবে সেই উৎপাদনেও ধাক্কার আশঙ্কা রয়েছে

দেখুন: