• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

‘আমি জঘন্য মানুষ’, পদত্যাগের আগে ভেঙে পড়েছিলেন এনভিডিয়ার জেনসেন হুয়াং

পদত্যাগের আগের কয়েক ঘণ্টায় তাঁর পরিচিত আত্মবিশ্বাস ও কর্তৃত্বপূর্ণ আচরণে বদল যায়

‘আমি জঘন্য মানুষ’, পদত্যাগের আগে ভেঙে পড়েছিলেন এনভিডিয়ার জেনসেন হুয়াং

Image: AI

নিজের তৈরি সংস্থার শীর্ষ পদ ছাড়ার আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এনভিডিয়ার সদ্যপ্রাক্তন সিইও জেনসেন হুয়াং। পদত্যাগের আগের কয়েক ঘণ্টায় তাঁর পরিচিত আত্মবিশ্বাস ও কর্তৃত্বপূর্ণ আচরণে বদল যায়। হুয়াংয়ের ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গিয়েছে, কখনও তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কিছু যায়-আসে না’।

আবার অনুশোচনায় নিজেকেই ‘জঘন্য মানুষ’ বলে আখ্যা দেন তিনি। কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার এবং পদ ধরে রাখার লড়াইয়ের পর বুধবার গভীর রাতে পদত্যাগের সিদ্ধান্ত নেন হুয়াং। বৃহস্পতিবার সকালে তাঁর ইস্তফার কথা জানায় এনভিডিয়ার পরিচালন পর্ষদ।

এনভিডিয়াকে কয়েক লক্ষ কোটি ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মাতা সংস্থায় পরিণত করার পিছনে বড় ভূমিকা ছিল হুয়াংয়ের। চিপের নকশা থেকে শুরু করে সংস্থার জুনিয়র কর্মীদের বেতন বা ভাতা – প্রতিটি বিষয়ে তাঁর নজর থাকত। মাত্র দু’সপ্তাহ আগেও বিশ্বজুড়ে এআই শিল্পের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সুসম্পর্ক ছিল তাঁর। ফলে তাঁর এই দ্রুত পতন প্রযুক্তি দুনিয়ায় বিস্ময়ের সৃষ্টি করেছে।

আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এনডিভিয়ার হাল ধরেছেন কোয়েলেট ক্রেস, কে এই মহিলা?

বিতর্কের সূত্রপাত অক্টোবরের শেষে। অ্যালিস হুয়াং নামে এক চিনা মহিলা ব্যবসায়ীর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। মার্কিন গোয়েন্দাদের একাংশ ওই মহিলাকে চিনের গুপ্তচর বলে সন্দেহ করছেন বলেও খবর প্রকাশিত হয়। যদিও হুয়াং প্রথমে স্ত্রীকে প্রতারণার অভিযোগ অস্বীকার করেন। অ্যালিসের সঙ্গে তাঁর সম্পর্ককে চিনা গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বলেই ব্যাখ্যা করেছিলেন তিনি।

৬ নভেম্বর ‘ফিনান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদনে তাঁদের সম্পর্ক প্রণয়ঘটিত বলে দাবি করা হলে পরিস্থিতি বদলায়। এরপর এনভিডিয়ার জেনারেল কাউন্সেল টিম টেটার হুয়াংয়ের সঙ্গে কথা বলেন। হুয়াং সম্পর্কের কথা স্বীকার করেন। রবিবার কর্মীদের পাঠানো ই-মেলে অ্যালিসের সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে পরিবারের কাছে ক্ষমাও চান। পাশাপাশি বোর্ডের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এরই মধ্যে বুধবার ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্য পরিষেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। এরপরেই পরিচালন পর্ষদ দ্রুত পদক্ষেপ করে। বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেন পরিচালকরা। সেই বৈঠক চলে গভীর রাত পর্যন্ত। শেষ পর্যন্ত পদত্যাগ করেন হুয়াং। সংস্থার তরফে জানানো হয়, প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালন পর্ষদের সদস্যপদ ছেড়েছেন তিনি। তবে পদত্যাগের আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। বোর্ডের বিবৃতিতেও গুপ্তচরবৃত্তি বা মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে ওঠা অভিযোগের উল্লেখ নেই।

আরও পড়ুন: তৃতীয় মহিলার সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের গুঞ্জন! এনভিডিয়ার সিইও পদ ছাড়ার কয়েক ঘণটার মধ্যেই নতুন রিপোর্ট

আপাতত সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার কোয়েলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব সামলাচ্ছেন। স্থায়ী উত্তরসূরি খুঁজতে শুরু করেছে বোর্ড। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন এএমডির সিইও লিসা সু এবং আর্ম হোল্ডিংসের প্রধান রেনে হাস। ১৮ নভেম্বর কর্মীদের সঙ্গে সাধারণ সভা করার প্রতিশ্রুতিও দিয়েছেন ক্রেস।

তবে পদ ছাড়লেও বিতর্ক থেকে এখনই রেহাই পাচ্ছেন না হুয়াং। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন কংগ্রেসের সামনে তাঁকে সাক্ষ্য দিতে হতে পারে। সেখানে অ্যালিসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তার জেরে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ-সংক্রান্ত গোপন তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এখনও পর্যন্ত সংস্থার গোপন তথ্য ফাঁস বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও প্রমাণ মেলেনি।

দেখুন: