• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

অভিষেকেই ছয় উইকেট! বেয়ার্ডম্যানের আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে সাত উইকেটে হারাল অস্ট্রেলিয়া

মাঠের বাইরে উসমান খোয়াজার আত্মজীবনী ঘিরে ২০১৮ সালের বল বিকৃতি বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। সেই আবহে মাঠের

অভিষেকেই ছয় উইকেট! বেয়ার্ডম্যানের আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে সাত উইকেটে হারাল অস্ট্রেলিয়া

Mahli Beardman Photo-SNS

এক দিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় বল বিকৃতি বিতর্ক নিয়ে। অন্য দিকে, মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয়। বিতর্কের আবহ সরিয়ে পারথে প্রথম এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নতুন নায়ক হয়ে উঠলেন ২১ বছরের পেসার মাহলি বেয়ার্ডম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ২৪ রান দিয়ে ছ’উইকেট তুলে নিলেন তিনি।

তাঁর এই বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩১ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জবাবে ২৩.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। সাত উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

অস্ট্রেলিয়ার এক দিনের ক্রিকেট ইতিহাসে এর আগে অভিষেকে সেরা বোলিংয়ের নজির ছিল টনি ডোডেমেইডের। ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ২১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ৩৮ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন বেয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার হয়ে এক দিনের ক্রিকেটে অভিষেকে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে তাঁর ৬/২৪ পরিসংখ্যান সর্বকালের সেরা বোলিংয়ের তালিকাতেও চতুর্থ স্থানে।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। পারথের দ্রুতগতির, বাউন্স-সমৃদ্ধ পিচে শুরু থেকেই সমস্যায় পড়েন ইংরেজ ব্যাটাররা। স্পেনসার জনসন ফিরিয়ে দেন বেন ডাকেটকে (৯)। টম ব্যান্টন করেন ২৫। এর পরই বল হাতে ঝড় তোলেন বেয়ার্ডম্যান। তাঁর প্রথম শিকার ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

মাত্র এক রান করে উইকেটকিপার জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিছু পরেই ১৭ রানে জো রুটকে ফেরান বেয়ার্ডম্যান। জর্ডন কক্স (২), স্যাম কারেন (০), লিয়াম ডসন (০) এবং জোফ্রা আর্চার (১১)— একের পর এক উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন অস্ট্রেলীয় তরুণ।

এক সময় ৬৫ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। শেষ দিকে গাস অ্যাটকিনসন ২৯ রানে অপরাজিত থাকেন। উইল জ্যাকস করেন ২৫। তাতেই কোনও মতে ৩৩.৪ ওভারে ১৩১ রানে পৌঁছয় ইংল্যান্ড। জনসন নেন তিন উইকেট। কিন্তু ম্যাচের আলো নিঃসন্দেহে কেড়ে নেন বেয়ার্ডম্যান।

অস্ট্রেলিয়ার রান তাড়াও শুরুতে ধাক্কা খায়। প্রথম বলেই আউট হন ট্রাভিস হেড। কিন্তু অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে নেয় অস্ট্রেলিয়া। মাত্র ৩০ বলে ৫০ রান করেন মার্শ। কুপার কনোলি করেন ২৭। জশ ইংলিস ২৩ রানে অপরাজিত থাকেন। ম্যাট রেনশও ২৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

অভিষেকে নিজের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন বেয়ার্ডম্যান। তাঁর কথায়, ‘সত্যি বলতে, কী ঘটে গেল, এখনও বুঝে উঠতে পারছি না। সব কিছু খুব দ্রুত ঘটে গেল। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া বিরাট সম্মানের। তার সঙ্গে কয়েকটি উইকেট তুলে নিতে পারা যেন বাড়তি পাওনা’।

প্রথম আন্তর্জাতিক উইকেট পাওয়ার স্বস্তির কথাও জানিয়েছেন তিনি। ‘হ্যারি ব্রুকের উইকেটটাই আমার কাছে বিশেষ। প্রথম উইকেট পাওয়ার পর কাঁধ থেকে যেন একটা ভার নেমে যায়। দারুণ অনুভূতি হয়েছিল’।

অভিষেকের আগে যে যথেষ্ট স্নায়ুচাপে ভুগছিলেন ছিল, তা-ও স্বীকার করেছেন বেয়ার্ডম্যান। বলেছেন, ‘শুরুতে বেশ নার্ভাস ছিলাম। প্রথম বলটা করার সময় শুধু ঠিক জায়গায় বল ফেলতে চাইছিলাম। এক বার প্রথম বলটা হয়ে যাওয়ার পরে সব কিছু অনেক স্বাভাবিক লাগতে শুরু করে’। অস্ট্রেলীয় দলের পরিবেশ এবং অধিনায়ক মার্শের নেতৃত্বও তাঁকে স্বস্তি দিয়েছে বলে জানিয়েছেন।

মাঠের বাইরে উসমান খোয়াজার আত্মজীবনী ঘিরে ২০১৮ সালের বল বিকৃতি বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। সেই আবহে মাঠের লড়াইয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরল অস্ট্রেলীয় ক্রিকেট মহলে। তবে সিরিজের প্রথম ম্যাচেই বেয়ার্ডম্যানের এই স্বপ্নের অভিষেক আগামী দিনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গেল।