• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের ‘অধিকার হরণ’, ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে ফের ‘এসআইআর-বিরোধী’ আন্দোলন

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও নতুন এপিক নম্বর চালুর প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে অ্যান্টি-এসআইআর আন্দোলন। রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি নাগরিক মঞ্চের।

ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের ‘অধিকার হরণ’, ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে ফের ‘এসআইআর-বিরোধী’ আন্দোলন

SIR protests to resume on November 26 in capital (Image: X/@_YogendraYadav)

ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ নাগরিকদের অধিকার খর্ব করার অভিযোগে ফের দেশজুড়ে বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু হলো। আগামী ২৬ নভেম্বর, সংবিধান দিবসের (Constitution Day) দিন থেকে ফের এসআইআর-বিরোধী (Anti-SIR) আন্দোলন শুরু করার ডাক দিয়েছে ‘পিপল এগেইনস্ট এসআইআর’ (People Against SIR) নামক একটি যৌথ মঞ্চ। নাগরিক সমাজের অধিকারকর্মী, বামপন্থী শ্রমিক সংগঠন, কৃষক ও ছাত্র সংগঠন এবং ককরোচ জনতা পার্টির মতো দল ও সুশীল সমাজের একাংশ নিয়ে তৈরি এই মঞ্চ জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি চলবে।

রেশন-পেনশনের সঙ্কট

 দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়। এই আন্দোলনের অন্যতম মূল কারণ হলো ভোটার তালিকা থেকে ভুলবশত বহু মানুষের নাম বাদ পড়া এবং নতুন করে নাম তোলার জটিলতা।

অধিকারকর্মী অঞ্জলি ভরদ্বাজ (Anjali Bhardwaj) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তাঁর দাবি, যেসব ভোটারের নাম তালিকা থেকে ভুলবশত বাদ পড়েছে (মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত দেখিয়ে), তাঁদের নতুন করে ৬ নম্বর ফর্ম (Form 6) পূরণ করতে হচ্ছে। এর ফলে নির্বাচন কমিশন তাঁদের আগের এপিক (EPIC) নম্বর বাতিল করে নতুন একটি এপিক নম্বর দিচ্ছে। এখানেই তৈরি হচ্ছে বড়সড় সামাজিক সঙ্কট।

অঞ্জলির কথায়, দেশের বহু মানুষ তাঁদের পুরনো ভোটার কার্ডের ভিত্তিতে রেশন কার্ড, পেনশন, স্কলারশিপ বা পুনর্বাসনের মতো সরকারি সুবিধা পান। এখন এপিক নম্বর বদলে গেলে তাঁরা প্রমাণই করতে পারছেন না যে, তাঁরাই ওই সরকারি প্রকল্পের প্রকৃত উপভোক্তা। একজন নাগরিকের জন্য এভাবে এপিক নম্বর বদলে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক। আন্দোলনকারীদের দাবি, নির্বাচন কমিশনকে ওই ৬ নম্বর ফর্ম বাতিল করে পুরনো এপিক নম্বরই ফিরিয়ে দিতে হবে।

৩ কোটি অনুপ্রবেশকারীর তত্ত্ব

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও আন্দোলনকারী প্রকাশ রাজ (Prakash Raj)। তিনি সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন। প্রকাশ রাজ বলেন, যাঁরা দেশের পতাকা হাতে নিয়ে সংবিধান বাঁচানোর লড়াই করেছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী তেলঙ্গানার এক মিছিলে সেই একই পতাকা হাতে নিয়ে গণতন্ত্রের কথা বলছেন!

এর পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে হাতিয়ার করে প্রকাশ রাজ কটাক্ষ করেন, উনি মিথ্যে ছড়াচ্ছেন যে ভোটার তালিকায় থাকা ৩ কোটি মানুষ নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশের মোট জনসংখ্যাই তো ১৭ কোটির বেশি। তাহলে কি ওখানকার জনসংখ্যা ৩ কোটি কমে গিয়েছে?

আন্দোলনের ব্লু-প্রিন্ট

সিপিএম-সমর্থিত অল ইন্ডিয়া কিষান সভার অর্থ সম্পাদক পি কৃষ্ণপ্রসাদ জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বর দিল্লির মন্দির মার্গ থেকে যন্তর মন্তর পর্যন্ত (প্রায় ৪ কিমি) মিছিল করে তাঁরা প্রতিবাদের জায়গা পুনরুদ্ধার করবেন। এই মঞ্চের পক্ষ থেকে দেশজুড়ে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর হবে দেশজুড়ে বিশাল বিক্ষোভ এবং ভোটাধিকার প্রয়োগের দাবিতে মিছিল। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে (Human Rights Day) প্রতিবাদের অধিকার রক্ষার দাবিতে পথে নামা এবং যন্তর মন্তরকে ফের প্রতিবাদের নির্দিষ্ট জায়গা হিসেবে ঘোষণার দাবি। ২৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর চলবে দেশজুড়ে জনসভা ও র‍্যালি। পাশাপাশি, ভোটার তালিকার অডিট (auditing of voters lists) করা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষকে তাঁদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা হবে।২০ ডিসেম্বর বুথ স্তরে বৈঠক করে দেশের রাষ্ট্রপতির কাছে এসআইআর (SIR) বাতিল করার এবং নতুন কোনও নির্বাচন ঘোষণার আগে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রস্তাব পাঠানো হবে।

অর্থাৎ, উৎসব মরশুম শেষ হতেই রাজনীতির উত্তাপ তুঙ্গে উঠতে চলেছে এবং চাঁদমারি সেই নির্বাচন কমিশন এবং এসআইআর।