• facebook
  • twitter
  • youtube
Saturday, 19 September, 2026

রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই ট্রাম্পের

নতুন আইনে রাশিয়ার উপর ৫০০ শতাংশ শুল্ক বসাতে পারবে আমেরিকা। আইন কার্যকর হলে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। এই তালিকায় ভারত ও চিনের মতো দেশও রয়েছে

রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই ট্রাম্পের

Image: Reuters via ANI

রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ধাপ এগোল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশ। ট্রাম্প (Donald Trump) শুক্রবার ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’-এ স্বাক্ষর করেছেন। নতুন আইনে রাশিয়ার উপর ৫০০ শতাংশ শুল্ক বসাতে পারবে আমেরিকা। আইন কার্যকর হলে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। এই তালিকায় ভারত ও চিনের মতো দেশও রয়েছে।

তবে এই স্বাক্ষর করা মানেই ভারত বা চিনের উপর ইতিমধ্যেই ১০০ শতাংশ শুল্ক বসে গিয়েছে, এমন নয়। আইনটি মার্কিন প্রেসিডেন্টকে (Donald Trump) প্রয়োজন অনুযায়ী এই শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। ফলে ভবিষ্যতে রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কেনা দেশগুলির বিরুদ্ধে ওয়াশিংটন এই ক্ষমতা প্রয়োগ করবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

এই আইনের মূল লক্ষ হল রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয় কমানো এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে মস্কোর আর্থিক সক্ষমতার উপর চাপ তৈরি করা। একই সঙ্গে রাশিয়ার শক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্র, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষা ChatGPT ব্যবহারের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই IIT বম্বের ছাত্রের মৃত্যু, ক্যাম্পাসে বিক্ষোভ

রাশিয়ার পণ্যে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক

নতুন আইনে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের উপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ব্যবস্থাও রয়েছে। তবে এই বিধানটি মূলত রাশিয়ার পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য দিকে, রাশিয়ার জ্বালানি কেনা তৃতীয় দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।

মার্কিন হাউস অফ রিপ্রজেন্টেটিভসে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হয়ে যায়। তার আগে ৭ আগস্ট মার্কিন সেনেটেও ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়েছিল। দুই কক্ষের অনুমোদনের পর ১৮ সেপ্টেম্বর ট্রাম্প (Donald Trump) তাতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার প্রার্থীর, মমতা শিবিরে ফের ধাক্কা

ভারতের উপর কতটা প্রভাব পড়বে?

রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে ভারত। ফলে ভারতের উপরও এই আইন লাগু হতে পারে। চিনও বড় ক্রেতা হওয়ায় তাদের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। তবে কোনও দেশের উপর আদৌ শুল্ক বসানো হবে বা বসানো হলে তার হার কত হবে, তা মার্কিন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

ভারতের ক্ষেত্রে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসলে রপ্তানিকারীদের খরচ বাড়তে পারে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে। একই সঙ্গে রাশিয়া থেকে সস্তা জ্বালানি আমদানির বিষয়টিও ভারতের বিবেচনার মধ্যে রয়েছে।

আইনটি তাই শুধু রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নয়, মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির উপরও মার্কিন চাপ বাড়ানোর একটি নতুন আইনি কৌশল। এখন নজর থাকবে, ট্রাম্প  (Donald Trump) প্রশাসন এই নতুন ক্ষমতা বাস্তবে কোন দেশগুলির উপর কীভাবে প্রয়োগ করে।

দেখুন: ‘জোট শুধু নামে নয়’, রাহুলকে বার্তা সায়নী ঘোষের