• facebook
  • twitter
  • youtube
Friday, 11 September, 2026

জুনপুটে হবে ডিআরডিও-র প্রকল্প, বঙ্গে কেন্দ্রীয় সরকারের লগ্নি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাছাড়া বামফ্রন্ট সরকারের জমানায় কাঁথি মহকুমারই হরিপুরে সৈকতে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র করা সম্ভব হয়নি

জুনপুটে হবে ডিআরডিও-র প্রকল্প, বঙ্গে কেন্দ্রীয় সরকারের লগ্নি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari (ANI)

মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিও’কে রাজ্য সরকার জমি দিয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং এখানে ডিআরডিও’র প্রকল্প হতে পারে বলে আগেই জানা গিয়েছিল। এখন বদলের পশ্চিমবঙ্গে সেটা যে হবেই এবার তা সরাসরি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিআরডিও ওই জায়গা থেকে টেস্ট লঞ্চ করবে বলে জানা গিয়েছে। এমনকী মিসাইল ব্যবহারের বিষয়ে গবেষণা করবে ডিআরডিও বলে সূত্রের খবর। রাজ্যের উপকূল এলাকার নিরাপত্তা এবং নজরদারি বাড়াতে কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি বাড়তি গুরুত্ব দিচ্ছে। তাই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বড় প্রকল্প তৈরি করবে পশ্চিমবঙ্গে।

এই নিরাপত্তার লক্ষ্যেই রাজ্যের উপকূলে মিসাইল টেস্ট লঞ্চ প্যাড গড়ে তোলা হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন। জুনপুট উপকূলে মিসাইলের লঞ্চিং প্যাড তৈরি হচ্ছে সেটা শুক্রবার নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার রেডার স্টেশনে যাওয়ার জন্য কোস্টগার্ড জমি চেয়েছে রাজ্য সরকারের কাছে। রাস্তার জন্য জমি শুধু নয়, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় রাস্তাও করে দিয়ে জাতীয় নিরাপত্তায় সহায়তা করছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অদূরে জুনপুটে ডিআরডিও’কে জমি দেওয়া হচ্ছে বলে শুক্রবার জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ডিআরডিও-র পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর উপকূলের জুনপুটে একটি বড় প্রকল্প করা হচ্ছে। এই বিষয়ে আমি বিস্তারিতভাবে পরে জানাব।’

ডিআরডিও খুবই অল্প সময়ের মধ্যে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলতে চায় বলে সূত্রের খবর। জুনপুটে উপকূল এলাকায় ইতিমধ্যেই জমি দেখে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা বলে জানা গিয়েছে। দেশের প্রতিরক্ষার জন্য মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের ভূমিকা অনস্বীকার্য। ভারতে ইতিমধ্যেই চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করা হয়েছে। যেখান থেকে পাঁচ ছয় মাস অন্তর একটি মিসাইল পরীক্ষা করা হয়। এবার জনপুটকে সামনে রেখে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিকে সুরক্ষিত করতে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলতে চায় কেন্দ্রীয় সরকার।

তাছাড়া বামফ্রন্ট সরকারের জমানায় কাঁথি মহকুমারই হরিপুরে সৈকতে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র করা সম্ভব হয়নি। তখন বাধা এসেছিল বিরোধী দল তৃণমূল কংগ্রেসের থেকে। পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন হরিপুর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জুনপুটে ডিআরডিও’র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজ বন্ধ হয়ে গিয়েছিল ২০২৪ সালে। ডিআরডিও ‘ফ্লাইট ট্রায়াল’ পরিকাঠামো নির্মাণের কাজ তৃণমূলের শ্রমিক সংগঠন এবং স্থানীয় মৎস্যজীবীদের বাধায় বন্ধ হয়ে গিয়েছিল। এবার জুনপুটেই ডিআরডিও’র প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।