• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

একসঙ্গে ১৬ কোর্টের খেলা দেখতে পাবেন! ইউএস ওপেনে দর্শকদের জন্য নতুন চমক, আসছে ‘রেডজোন’

এই নতুন সম্প্রচারে ইএসপিএন -এর পর্দায় একাধিক পরিচিত টেনিস তারকাকে দেখা যাবে। জন ম্যাকেনরো, প্যাট্রিক ম্যাকেনরো, অ্যান্ডি

একসঙ্গে ১৬ কোর্টের খেলা দেখতে পাবেন! ইউএস ওপেনে দর্শকদের জন্য নতুন চমক, আসছে ‘রেডজোন’

US Open Photo-SNS

এ বার ইউএস ওপেনে একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলেছে টেনিসপ্রেমীদের। একই সময়ে ১৬টি কোর্টের ম্যাচের দিকে নজর রাখা যাবে। আমেরিকার জনপ্রিয় এনএফএল ‘রেডজোন’-এর ধাঁচে ইউএস ওপেনের জন্য নতুন স্ট্রিমিং পরিষেবা চালু করছে ইএসপিএন। নাম— ‘রেডজোন অ্যাট দ্য ইউএস ওপেন’।

রবিবার, ৩০ অগস্ট থেকে শুরু হবে এই পরিষেবা। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। ইউএস ওপেনের ১৬টি কোর্টে একই সময়ে যে ম্যাচগুলি চলবে, সেখান থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বেছে নিয়ে দর্শকদের সামনে তুলে ধরবে বিশেষ সম্প্রচারকারী দল। ফলে কোনও কোর্টে ম্যাচ পয়েন্ট, গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট বা উত্তেজক র‌্যালি হলে সেটি দেখার সুযোগ হাতছাড়া হবে না দর্শকদের।

সাধারণ টেনিস সম্প্রচারে একটি নির্দিষ্ট ম্যাচ দেখানো হয়। ফলে একই সময়ে অন্য কোর্টে কী হচ্ছে, তা জানার উপায় থাকে না। নতুন ব্যবস্থায় আর তা হবে না। একটি ম্যাচে উত্তেজনা কমলে সম্প্রচার দ্রুত চলে যাবে অন্য কোর্টে— যেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে। অর্থাৎ দর্শকদের আলাদা করে ম্যাচ বদলাতে হবে না, বাছাইয়ের কাজটি করবেন সম্প্রচারকারীরাই।

ইএসপিএন-এর এই উদ্যোগের পিছনে রয়েছে এনএফএল-এর অত্যন্ত জনপ্রিয় ‘রেডজোন’ সম্প্রচারের কনসেপ্ট। সেই অনুষ্ঠানে একই সময়ে চলা একাধিক আমেরিকান ফুটবল ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। এ বার সেই একই পদ্ধতি টেনিসেও প্রয়োগ করা হচ্ছে। ইএসপিএন ইতিমধ্যেই ‘রেডজোন’ ব্র্যান্ড ব্যবহারের স্বত্ব নিয়েছে।

ইএসপিএন -এর সিনিয়র প্রোগ্রামিং ডিরেক্টর জন সুচেনস্কির বক্তব্য, ‘টেনিসে এর আগে একাধিক ম্যাচ ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে। তবে এ বারের পরিকল্পনা আরও দ্রুতগতির এবং পয়েন্ট থেকে পয়েন্টে দর্শকদের নিয়ে যাবে।

এই নতুন সম্প্রচারে ইএসপিএন -এর পর্দায় একাধিক পরিচিত টেনিস তারকাকে দেখা যাবে। জন ম্যাকেনরো, প্যাট্রিক ম্যাকেনরো, অ্যান্ডি রডিক এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারা থাকবেন ধারাভাষ্য দলের অংশ হিসেবে। আর অনুষ্ঠান সঞ্চালনা করবেন রিস ডেভিস।

অর্থাৎ এ বার ইউএস ওপেনে দর্শকের সামনে শুধু একটি ম্যাচ নয়—একসঙ্গে গোটা টেনিস দুনিয়ার ছবি। কোন কোর্টে কোন তারকা, কোথায় ম্যাচ জমে উঠছে, কোথায় ম্যাচ পয়েন্ট— সব কিছুই একসঙ্গে আপনার ড্রইং রুমের সোফায় বসে দেখার সুযোগ করে দিতে চলেছে ‘রেডজোন অ্যাট দ্য ইউএস ওপেন’।