হঠাৎ করে আকাশ কালো করে নামছে বৃষ্টি। কখনও হালকা তো কখনও আবার মাঝারি। কিন্তু তারপরেও অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই বঙ্গবাসীর। তবে সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে শনিবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে শনিবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সব জেলাতেই রবিবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনি ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া
শনি ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে রবিবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব কয়েকটি জেলাতেই শনি ও রবিবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার কলকাতার আবহাওয়া
শনিবার কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
রবিবার কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।




