সামনেই দুর্গাপুজো। আর তার আগে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়াল শুভেন্দু অধিকারীর সরকার। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে। আসন্ন শারদ উৎসবের কথা মাথায় রেখেই এই ভাতা বাড়ানো হলো বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের এবার মাসিক ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। ১ আগস্ট, ২০২৬ থেকে এই ভাতা কার্যকর হবে। এই সিদ্ধান্তের জেরে রাজ্য এবং কলকাতা পুলিশের অধীনে নিয়মিত কাজ করা সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বৃদ্ধি করা হলো। একধাক্কায় ২ হাজার টাকা বৃদ্ধি নিঃসন্দেহে খুশির খবর।
সিভিক ভলান্টিয়ারদের শীত, গ্রীষ্ম, বর্ষায় রাস্তায় নেমে কাজ করতে হয়। পুলিশকে সাহায্য করার কাজ তাঁরা করে থাকেন। মাঝে আর একটা মাস পরই দুর্গাপুজো। তার আগে এমন ভাতা বৃদ্ধি কাজে উৎসাহ বাড়াবে তাঁদের বলে মনে করা হচ্ছে। এতদিন ধরে সিভিক ভলান্টিয়াররা মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক পেতেন। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে তাঁদের মাসিক সাম্মানিক বেড়ে দাঁড়াল ১২ হাজার টাকা। রাতারাতি ২ হাজার টাকা বেড়ে যাওয়ায় সিভিক ভলান্টিয়ারদের পরিবারের সদস্যরাও বেশ খুশি।
দুর্গাপুজোর শপিং করার ক্ষেত্রে এই বাড়তি টাকা অনেকটা সাহায্য করবে সিভিক ভলান্টিয়ারদের। এই বিষয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করোছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের বিবেচনার মধ্যে ছিল। এবার বিষয়টি খতিয়ে দেখার পর রাজ্যপাল আরএন রবি সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক মাথাপিছু ২ হাজার টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছেন। তার জেরেই মাসিক সাম্মানিক একধাক্কায় ২ হাজার টাকা বেড়ে গেল।
তাছাড়া সরকারি নির্দেশ অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের বর্ধিত সাম্মানিক ১ আগস্ট থেকেই কার্যকর হবে। সুতরাং নির্দিষ্ট শর্ত মেনে রাজ্য এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত প্রত্যেক সিভিক ভলান্টিয়াররা সেপ্টেম্বর মাসে ১২ হাজার টাকা পাবেন। এক্ষেত্রে এখন সরকারি নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের চাকরির অন্যান্য শর্ত এবং নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। বরং অতিরিক্ত খরচ উপযুক্ত খাত থেকেই মেটানো হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থ দপ্তরের সম্মতিও নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।




