নেপালের চারিদিকে শুধু ধ্বংসাবশেষের চিত্র। ভয়াবহ হড়পা বানে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৫। ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ বলে জানিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। নিখোঁজদের মধ্যে ৩০০-র বেশি ভারতীয় নাগরিক রয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে রাসুওয়াগাধি এলাকায় তুষারধসের জেরে ভোটেকোশি নদীর শাখা লহেন্দে নদীর জলপ্রবাহ আটকে যায়। পরে সেই জল হঠাৎ নেমে এসে তিমুরে-সহ তিনটি জেলার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। বহু ঘরবাড়ি, সড়ক ও অন্যান্য পরিকাঠামো ভেসে যায়।
নেপালের বিদেশমন্ত্রী বলেন, ‘বিপর্যয়ের আসল ছবি এখনও স্পষ্ট নয়। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিখোঁজদের সঠিক সংখ্যা জানাও কঠিন হয়ে উঠেছে। উদ্ধারকারী দলগুলি এখনও বিভিন্ন এলাকায় পৌঁছনোর চেষ্টা করছে।’ বুধবার পর্যন্ত প্রায় ৫০০ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে অন্তত ১৩৩ জন ভারতীয় নাগরিক ছিলেন।
তবে নেপালের বিদেশমন্ত্রীর দাবি, ১৩৩ নয়, সেই সংখ্যাটা প্রায় ৩০০ জন। নেপাল সরকারের বর্তমান তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিকের খোঁজ মিলছে না। তাঁদের অনেকেই নেপালে গিয়েছিলেন পর্যটন বা তীর্থযাত্রার জন্য। কৈলাস মানস সরোবর যাত্রাপথ এবং সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বহু ভারতীয় তীর্থযাত্রী ও পর্যটক রয়েছেন। বর্তমানে নিখোঁজ ভারতীয়দের সন্ধান এখন ভারত ও নেপাল, দুই দেশের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
নেপালের বিদেশমন্ত্রী জানিয়েছেন, বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে। এখনও বহু মানুষের কোনও সন্ধান পাওয়া যায়নি। ফলে মৃত ও নিখোঁজদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগের পর কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য জরুরি হেল্পলাইন চালু করেছে। সেই নম্বরগুলি হল +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ (+977 985 131 6807) ও +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০(+977 970 910 7500)।
দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে নেপাল সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এদিকে নেপাল ট্যুরিজম বোর্ডও জরুরি নম্বর প্রকাশ করেছে। পর্যটকদের জন্য টোল-ফ্রি নম্বর হল ১২৩৪ (1234), হটলাইন ১১৪৪ (1144) এবং ট্যুরিস্ট পুলিশের নম্বর ৯৮৫১২৮৯৪৪৫ (9851289445) দেওয়া হয়েছে।




