• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

গর্ভগৃহে না, স্পর্শেও নিষেধ-কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিয়ম

কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামবে তারাপীঠে। আর সেই ঢল সামলাতেই এবার মন্দিরে আরও কড়া হচ্ছে নিয়ম। মন্দির কমিটির সিদ্ধান্ত, উৎসবের

গর্ভগৃহে না, স্পর্শেও নিষেধ-কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিয়ম

pic- sns

কৌশিকী অমাবস্যায় ভক্তের ঢল নামবে তারাপীঠে। আর সেই ঢল সামলাতেই এবার মন্দিরে আরও কড়া হচ্ছে নিয়ম। মন্দির কমিটির সিদ্ধান্ত, উৎসবের দিন সাধারণ ভক্তের গর্ভগৃহে প্রবেশ তো নয়ই, মা তারাকে স্পর্শও করা যাবে না। দূর থেকেই দর্শন করতে হবে দেবীকে। ভিড়, নিরাপত্তা এবং শৃঙ্খলা, তিন দিক সামলাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

উৎসবের প্রস্তুতি নিয়ে রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করে মন্দির কমিটি। বৈঠকে পুলিশ, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন, ইঞ্জিনিয়ারিং দপ্তর এবং লজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থাৎ শুধু মন্দির নয়, গোটা তারাপীঠকেই কার্যত নিরাপত্তার বলয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে।

 

মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাধারণ লাইনের পাশাপাশি থাকবে পে-লাইন এবং প্রোটোকল লাইন। মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পে-লাইনের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। এর বেশি নেওয়া যাবে না। স্থানীয় বাসিন্দাদের জন্য ৫০০ টাকার ভিআইপি লাইনে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। প্রশাসনিক আধিকারিকদেরও বিশেষ অনুরোধ করে গর্ভগৃহে প্রবেশ না করার আবেদন জানিয়েছেন তিনি। প্রতি বছরই কৌশিকী অমাবস্যায় দেশ-বিদেশ থেকে অগণিত ভক্তের সমাগম হয় তারাপীঠে। সেই ভিড়ের মধ্যে গর্ভগৃহে ঠাসাঠাসি এড়াতে এবং অপ্রীতিকর পরিস্থিতির ঝুঁকি কমাতেই এবার স্পর্শের অধিকারও থাকছে না সাধারণের।

ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যান চলাচল, অগ্নিনিরাপত্তা, চিকিৎসা, বিদ্যুৎ এবং হোটেল-লজের পরিষেবা নিয়েও তৈরি হচ্ছে বিশেষ ব্যবস্থা। ফলে এবার তারাপীঠে পুণ্যার্থীর ভিড় যতই বাড়ুক, দর্শনের পথে নিয়মের বেড়িও যে আরও শক্ত হবে, আগেভাগেই তার বার্তা দিয়ে রাখল মন্দির কর্তৃপক্ষ।