জাতীয় ক্রীড়া দিবসের আগে দেশের যুবসমাজ ও ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। তার দু’দিন আগে, ২৭ আগস্ট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে ১৫০০-রও বেশি জায়গায় আয়োজিত হবে ‘খেলো ইন্ডিয়া সংবাদ—খেল কি বাত, পিএম কে সাথ’ কর্মসূচি। সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী।
হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন ২৯ আগস্ট। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এ বারের কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের যুবক-যুবতী, ক্রীড়াবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। আইআইটি, আইআইএম, এনআইটি, এইমস-সহ প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই উদ্যোগে সামিল হবে।
ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিভিন্ন জায়গায় শারীরিক ও ক্রীড়া সংক্রান্ত কর্মসূচি শুরু হবে। দিল্লির আইআইটিতে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। দেশের একাধিক প্রাক্তন ও বর্তমান তারকা খেলোয়াড়ও যুবকদের সঙ্গে কথা বলবেন। থাকবেন পিটি ঊষা, সাইনা নেহওয়াল, মেরি কম, গগন নারাং, দীপা কর্মকার, মনিকা বাত্রা, পিআর শ্রীজেশ, বাইচুং ভুটিয়া, পুল্লেলা গোপীচাঁদ, অঞ্জু ববি জর্জ, কর্ণম মাল্লেশ্বরী, মীরাবাই চানু-সহ অনেকে।
তরুণদের সঙ্গে মতবিনিময়ে চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তৃণমূল স্তরে ক্রীড়া পরিকাঠামো ও প্রশিক্ষণের উন্নতি, ২০৩৬ সালের অলিম্পিকের জন্য প্রতিভা খুঁজে তৈরি করা, প্রশাসনে যুবকদের অংশগ্রহণ বাড়ানো এবং ‘বিকশিত ভারত’-এর জন্য যুবশক্তিকে কাজে লাগানো। কর্মসূচি থেকে পাওয়া পরামর্শগুলি নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।




