• facebook
  • twitter
  • youtube
Thursday, 8 October, 2026

বকেয়া ডিএ নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের, কবে মিলবে এবিটিএ-র প্রাপ্য ডিএ?

এবিটিএ-র হয়ে আইনজীবী ফিরদৌস শামীম ও আইনজীবী গোপা বিশ্বাস তাঁদের আবেদনে জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরও সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে সেই সুবিধা কার্যকর করেনি রাজ্য।

বকেয়া ডিএ নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের, কবে মিলবে এবিটিএ-র প্রাপ্য ডিএ?

Calcutta High Court Photo-SNS

সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারপোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (এবিটিএ)-এর দায়ের করা মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম ও আইনজীবী গোপা বিশ্বাস শুক্রবার কলকাতা হাইকোর্টে গুরুতর অভিযোগ করেন। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২০০৯ সালের রোপা রুল অনুযায়ী প্রাপ্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এখনও কার্যকর হয়নি। সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারপোষিত স্কুলের হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা ও বকেয়া থেকে বঞ্চিত।

এদিনের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে নির্দেশ দেন, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কবে থেকে মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই সঙ্গে সেই বকেয়া কীভাবে মেটানো হবে। এবিটিএ-র হয়ে আইনজীবী ফিরদৌস শামিম ও আইনজীবী গোপা বিশ্বাস তাঁদের আবেদনে জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরও সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে সেই সুবিধা কার্যকর করেনি রাজ্য।

২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (Revision of Pay and Allowances) রুলসের পুনঃবিবেচনা এবং সংশ্লিষ্ট সরকারি মেমোরেন্ডার ভিত্তিতেই মহার্ঘ ভাতা ও বকেয়া প্রাপ্য সম্মানের সঙ্গে মিটিয়ে দেওয়া। এর পাশাপাশি আইনজীবীদের অভিযোগ, মামলায় রাজ্যের এই নিষ্ক্রিয়তাকে ‘স্বেচ্ছাচারী, বেআইনি, অযৌক্তিক ও বৈষম্যমূলক’ বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ১৪, ১৬, ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বৃষ্টি থেকে এখনই রেহাই নেই, শুক্র-শনিতেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি, জারি হলুদ সতর্কতা

এর আগে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ৬৫ শতাংশ ডিএ (মহার্ঘ্য ভাতা) দেওয়া হয়েছে। এবার সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসরড স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও বকেয়া ডিএ কবে মিলবে? সেই প্রশ্নে রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই স্পস্ট হবে আদেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি পূরণ হতে চলেছে কি না।