• facebook
  • twitter
  • youtube
Sunday, 16 August, 2026

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে খুন, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ৩

নদিয়ার কংগ্রেস নেতার পরিবারের অভিযোগ, জুব্বার শেখের নির্দেশেই গোটা হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের বোনের দাবি, জুব্বার জেলে থাকলেও তাঁর লোকেরা বাইরে সক্রিয় রয়েছে। আনিসুরের পরিবার গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে।

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে খুন, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ৩

File Photo

নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলের খুনের অভিযোগে পুলিশের জালে তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ তিন জন। রবিবার সকালে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে সশস্ত্র দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করে। সেই ঘটনায় আজ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রের খবর, কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে খুন করার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নদিয়ার হরনগর পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি। তাঁর স্বামী ওই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জুব্বার শেখ। তিনি এখন জেলবন্দি। ফতেমার সঙ্গে তাঁর দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, জেল থেকেই জুব্বার শেখ পুরো হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।

রবিবার সকালে অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করানো হবে। এদিকে নদিয়ার কংগ্রেস নেতার পরিবারের অভিযোগ, জুব্বার শেখের নির্দেশেই গোটা হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের বোনের দাবি, জুব্বার জেলে থাকলেও তাঁর লোকেরা বাইরে সক্রিয় রয়েছে। আনিসুরের পরিবার গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে।

শনিবার রাতে নদিয়ার বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার সময় নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীরা আনিসুরের গাড়ি আটকায়। এরপর গাড়ি লক্ষ্য করে প্রথমে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। তারপর গুলি চালানো হয়। দুষ্কৃতীরা আনিসুর ও তাঁর ছেলেকে গাড়ি থেকে টেনে বের করে নামিয়ে গুলি চালায়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদেরকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলা, খুন কংগ্রেস নেতা আনিসুর ও তাঁর ছেলে

জানা গিয়েছে, আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এরপরেই রবিবার সকালে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে।