• facebook
  • twitter
  • youtube
Thursday, 13 August, 2026

শাহের আগেই বঙ্গ সফর নাড্ডার, আয়ুষ্মান ভারত নিয়ে হবে মেগা কর্মসূচি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কোনও বড় ঘোষণা করবেন কিনা সেটা জানা যায়নি। তবে রাজ্যে নতুন সরকার

শাহের আগেই বঙ্গ সফর নাড্ডার, আয়ুষ্মান ভারত নিয়ে হবে মেগা কর্মসূচি

Central Health Minister JP Nadda Photo-SNS

চলতি মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পশ্চিমবঙ্গে দু’দিনের জন্য আসছেন। ঠিক তার আগে রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সুতরাং এখন থেকেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা থেকে আতিথেওতা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। কেন আসছেন জেপি নাড্ডা? আয়ুষ্মান ভারত প্রকল্প কেমন কাজ করছে সেটা দেখতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আসছেন বলে জানা গিয়েছে। এই আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গের সব মানুষ পাবেন না বলে অভিযোগ উঠেছে। তার জেরেই কদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন প্রকল্পের কথা জানান। যার নাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। যাতে রাজ্যের সব মানুষ চিকিৎসা প্রকল্পের আওতায় আসতে পারেন। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বঙ্গ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এদিকে পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার এসেছে। সেই সরকারের তিন মাস হতে চলেছে। এই আবহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আগামী রবিবার কলকাতায় আসছেন তিনি বলে বিজেপি সূত্রে খবর। আগামী ১৬ এবং ১৭ আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতের একটি মেগা কর্মসূচি হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেপি নাড্ডা। একইসঙ্গে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। তাঁদের মধ্যে এই প্রকল্প নিয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কোনও বড় ঘোষণা করবেন কিনা সেটা জানা যায়নি। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর স্বাস্থ্য পরিষেবা এবং দলীয় সংগঠনকে আরও মজবুত করতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী রবিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তারপর চলতি মাসের ২০ তারিখ রাজ্যে আসার কথা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্য সরকারের উদ্যোগে আগামী ১৬ আগস্ট কলকাতায় পালিত হতে চলেছে ‘আয়ুষ্মান দিবস’। সেদিনই এই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ শুরু হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। সেখানেই আমন্ত্রিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।

তাছাড়া আগামী ২২-৩০ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির শুরু করবে বিজেপি। সেখানে যাঁরা বক্তা থাকবেন তাঁদের প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট। কলকাতায় এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ, রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। এই প্রশিক্ষণ শিবিরে জেপি নাড্ডারও উপস্থিত থাকার কথা আছে। জেপি নাড্ডার সফরের পরেই রাজ্যে আসছেন অমিত শাহ। আর আগামী ১৯ আগস্ট রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে।