• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি, নবীন-বরণে শুভেন্দু-শমীক-দিলীপরা

তাছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রত্যেকটা বৈঠকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী

বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি, নবীন-বরণে শুভেন্দু-শমীক-দিলীপরা

Nitin Navin-Suvendu Adhikari Photo-SNS

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জয়ের উদ্দেশে সাংগঠনিক কৌশলের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। তারপর একেবারে স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়ে আসেন সাফল্য। সেই সরকারের এখন চার মাসে হয়ে গিয়েছে। এই জয়ের পর প্রথম  বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিমানবন্দরে নবীনকে বরণ করতে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। সেখানে সকলের সঙ্গেই একপ্রস্ত কথা হয়েছে তাঁর।

এদিকে দু’দিনের সফরে রাজ্যে এসেছেন নীতিন নবীন। এখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নীতিন নবীনের এখানে আসার পিছনে যে সাংগঠনিক শক্তিবৃদ্ধি নিয়ে কাজ হবে তা বলার অপেক্ষা রাখে না। রবিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি। নানা ইস্যুতে কেমন করে এগোতে হবে সেই পথ বাতলে দেবেন তিনি। কদিন আগে নয়াদিল্লিতে আরএসএসের সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠক হয়। তার পরই নীতিন নবীনের এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দুর্গাপুজো মিটলেই আবার পুরসভার নির্বাচন হবে বলে জানা গিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। রাজ্য সরকার এবং দলের মধ্যে কেমন করে সমন্বয় রেখে চলতে হবে সেই বার্তাও বঙ্গ নেতাদের দেবেন নীতিন নবীন। শাসকদল হয়ে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের ভূমিকা এবং আচরণ কেমন হবে তা নিয়ে ক্লাস নেবেন তিনি বলে সূত্রের খবর।

Nitin Navin And Party Leaders Photo-SNS
Nitin Navin And Party Leaders Photo-SNS

অন্যদিকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রবিবার নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শোনেন সকলে। তারপর দলের রাজ্য পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করা হয়। ওই বৈঠকে বিভাগ কনভেনার, রাজ্যের মোর্চার সভাপতি, সাংসদ, জেলা ইনচার্জ, জেলা সভাপতি, আইটি, মিডিয়া এবং সমাজমাধ্যমের ইনচার্জরা উপস্থিত ছিলেন। এরপর আর একটি বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দলের সাংসদ এবং বিধায়কদের সঙ্গে। তারপর সন্ধ্যায় বৈঠক হয় রাজ্যের মন্ত্রীদের সঙ্গে। রাতের বৈঠক দলের কোর কমিটির সঙ্গে। কলকাতা, হাওড়ার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকটি পুরসভার নির্বাচন হবে। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি ঠিক করে দেন তিনি।

তাছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রত্যেকটা বৈঠকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকেন। বঙ্গ বিজেপির সাংগঠনিকস্তরে বড় রদবদল প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। নতুন রাজ্য কমিটি ঘোষণাও করা হয়েছে। তাই নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের নিয়ে নীতিনের প্রথম বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠন নিয়ে নানা গাইডলাইন ও বার্তাও তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে। সোমবারও বেশ কিছু কর্মসূচি আছে তাঁর। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন প্রচারেও যেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলে সূত্রের খবর।