আবার দাম বাড়তে চলেছে পাউরুটির। সকালের খাবারের দাম বাড়ার খবর পেয়ে মাথায় হাত পড়েছে গৃহস্থদের। স্কুলের টিফিনেও পড়ুয়াদের পাউরুটি দিয়ে থাকেন অভিভাবকরা। সেখানে বারবার পাউরুটির দাম বাড়লে পকেটে চাপ পড়বে সাধারণ মানুষের। এমনিতেই শাক-সবজি থেকে শুরু মাছ-ডিমের দাম আকাশছোঁয়া হয়েছে। তার উপর পাউরুটির দাম বেড়ে গেলে রাস্তার ধারের দোকানগুলিতেও দাম বেড়ে যাবে। এখান থেকে বহু অফিসযাত্রীরা পাউরুটি ঘুগনি, পাউরুটি মাখন, ডিম পাউরুটি খেয়ে কাজে বের হন। তাঁদের কপালেও ভাঁজ পড়েছে।
জ্বালানির সংকটে ব্যবসায় মন্দা চলছে সর্বত্র। তার জেরে বেড়েছে কাঁচামালের দাম। এবার সেটার প্রভাব পড়ল পাউরুটির উপর। তার জেরে দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে বেকারি সংস্থাগুলি। প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়তে পারে পাউরুটির বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোয়িয়েশন। বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত একমাসে ময়দার দাম বেড়ে কুইন্টাল প্রতি ৬০০ টাকা। ১ কুইন্টাল চিনির দাম হয়েছে ১০০০ টাকা। ভোজ্য তেল এক কুইন্টাল ৮০০ টাকায় পৌঁছেছে। তার উপর প্যাকেজিং সামগ্রীর দামও বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে ব্যবসায় লাভের মুখ দেখতে পাউরুটির দাম বাড়ানো হলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে বলে মনে করা হচ্ছে।
পাউরুটির দাম কিছুদিন আগেই বেড়েছিল। সেটা আবার বাড়তে চলেছে। সুতরাং পাউরুটির দাম বৃদ্ধি নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। এখন দুটি প্রশ্ন উঠতে শুরু করেছে। এক, কবে থেকে দাম বাড়বে পাউরুটির? দুই, কত টাকা বাড়বে? এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোয়িয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক পাউন্ড অর্থাৎ ৪০০ গ্রাম পাউরুটির দাম ৪ টাকা বাড়বে। তার ফলে নতুন দাম হবে ৩৬ টাকা। আগামী ১৭ আগস্ট থেকে সর্বত্র নতুন দাম কার্যকর হতে পারে। ২০২৪ সালের ৩০ জানুয়ারি পাউরুটির দাম বেড়েছিল। এক পাউন্ড পাউরুটির দাম ছিল ৩২ টাকা। সেটা বাড়িয়ে ৩৬ টাকা করা হচ্ছে। ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম বাড়বে ২ টাকা। ১০০ গ্রাম প্লেইন পাউরুটির দাম দেড় টাকা বেড়ে ১০ টাকা করা হবে।
তাছাড়া পাউরুটির বেশ কয়েক ধরণ রয়েছে। সেগুলির দামও নিজস্ব গতিতে বাড়বে বলেই সূত্রের খবর। পাউরুটির দাম বাড়লে অন্যান্য জিনিসের দামও বাড়াবে দোকান ব্যবসায়ীরা। ঘুগনি পাউরুটি থেকে ডিম পাউরুটির দাম বেড়ে যাবে। কেকের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে বেকারি সংস্থার চিফ এক্সিকিউটিভ আরিফুল ইসলামের বক্তব্য, ‘জ্বালানি-সহ কাঁচামালের দাম ভীষণ বেড়ে গিয়েছে। তার জেরে লাভের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। যার জেরে একাধিক বেকারি সংস্থা বন্ধ হওয়ার মুখে। তাই পাউরুটির দাম না বাড়ালে বহু সংস্থাই ক্ষতির মুখ দেখবে।’




