• facebook
  • twitter
  • youtube
Saturday, 8 August, 2026

কিয়েভের কাছে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, নিহত শিশু-সহ অন্তত ৩

ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, ড্রোন হামলায় রাশিয়ার ইলস্কি ও সিরজরান তেল শোধনাগারে আগুন লাগে। কৃষ্ণসাগরে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে, শনিবার রোমানিয়া হয়ে একটি ড্রোন বুলগেরিয়ার আকাশসীমায় ঢুকে আন্তর্জাতিক গ্যাস পাইপলাইনের কাছে বিস্ফোরণ ঘটায়।

কিয়েভের কাছে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, নিহত শিশু-সহ অন্তত ৩

Photo: BBC

ফের ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার ভোরে সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু-সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় প্রশাসনের প্রধান তিমুর তকোচেঙ্কো জানান, রাজধানীর পূর্বাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি হামলার পরে একটি ভবনে আগুনও লেগে যায়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের একটি বাড়ি ও ট্যাঙ্কে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবা কাজ করছে। ইউক্রেনের জরুরি পরিষেবা ডিএসএনএস একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে কিয়েভে গ্যারেজ, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি ভবনে আগুন জ্বলতে দেখা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রের খবর।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সফর করেছেন। তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছেন। ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর চেষ্টা করলেও সার্বিয়া এখনও রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করেনি। তবে দেশটি ইউক্রেনকে সাহায্য করছে।

এরই মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা পাল্টা হামলা আরও জোরদার হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, ড্রোন হামলায় রাশিয়ার ইলস্কি ও সিরজরান তেল শোধনাগারে আগুন লাগে। কৃষ্ণসাগরে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে, শনিবার রোমানিয়া হয়ে একটি ড্রোন বুলগেরিয়ার আকাশসীমায় ঢুকে আন্তর্জাতিক গ্যাস পাইপলাইনের কাছে বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন: ৪৭১টি Boeing 737 MAX বিমানে জরুরি পরিদর্শনের নির্দেশ এফএএ-র, ভারতে কটি রয়েছে জানেন?

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ জানান, ড্রোনটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ড্রোনটি রাশিয়া নাকি ইউক্রেন থেকে এসেছিল, তা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা আলোচনা থমকে যাওয়ার পর দুই পক্ষের হামলা আরও তীব্র আকার ধারণ করেছে।