• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপহার, উদ্বোধন হলো দু’টি সরকারি বাস পরিষেবা, খুশি এলাকার মানুষ

মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে দু'টি বাসের  উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপকুমার দাস,রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, নন্দীগ্রামের আই সি অজয় মিশ্র, মেঘনাদ পাল সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপহার, উদ্বোধন হলো দু’টি সরকারি বাস পরিষেবা, খুশি এলাকার মানুষ

Image: SNS

রাজ্যের পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নন্দীগ্রামের মানুষের জন্য দু’টি পরিবহন দপ্তরের বাস অর্থাৎ সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন। দল পরিবর্তন করার পর থেকে দু’টি সরকারি বাস তুলে নেওয়া হয়। নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় তিনি নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দিলেও নন্দীগ্রামের মানুষকে তিনি ভুলেননি। নন্দীগ্রামের মানুষ যাতে সরকারি বাস পরিষেবা উপভোগ করতে পারেন তার জন্য তিনি নন্দীগ্রামের জন্য দু’টি সরকারি বাস উপহার দিলেন৷

মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে দু’টি বাসের  উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী অরূপকুমার দাস,রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, নন্দীগ্রামের আই সি অজয় মিশ্র, মেঘনাদ পাল সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, প্রতিদিন বাস দু’টি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে  সকাল ৬:৩০ টায় এবং অপরটি ৮:২০ টায় ছাড়বে। পুনরায় কলকাতা থেকে বাস দু’টি আবার নন্দীগ্রামে ফিরে আসবে।

রাজ্যের মন্ত্রী অরুপকুম দাস জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা নন্দীগ্রাম থেকে দু’টি সরকারি বাসের উদ্বোধন করলাম। আগামীদিনে বিকেলের দিকে আরও একটি বাস পরিষেবা বাড়ানো হবে।’

স্থানীয় বাসিন্দা মেঘনাদ পাল জানান, ‘শুভেন্দুবাবুর দু’টি চোখ, একটি চোখ দিয়ে নন্দীগ্রামকে দেখেন অপরটি দিয়ে গোটা রাজ্যকে দেখেন। নন্দীগ্রামের জন্য তিনি আগেও করেছেন এখনও করছেন আগামীতেও করবেন এটা আমাদের আশা’।

নন্দীগ্রাম থেকে দু’টি সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুব খুশি মহিলারা।  রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে। এদিন নতুন সরকারি বাসে চড়ে বেজায় খুশি এলাকার মহিলারা।