• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

মহিলাদের পাশে থাকবে দুর্গা সুরক্ষা স্কোয়াড, নারী নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের

সংশ্লিষ্ট থানা, সাইবার থানা ও গোয়েন্দা বিভাগের মহিলা দল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড ‘কে সহায়তা করবে। পুরো বিষয়টারই তত্ত্বাবধানে থাকবে লালবাজার। ২০টি রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশনেরও বন্দোবস্ত করা হয়েছে।

মহিলাদের পাশে থাকবে দুর্গা সুরক্ষা স্কোয়াড, নারী নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের

Photo: Statesman

মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। নারীদের প্রতি হওয়া অন্যায় রোধ করার পাশাপাশি সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবার পথে নামবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। সোমবার থেকেই এই নতুন অভিযান শুরু করল কলকাতা পুলিশের এই স্কোয়াড। এই দলে সাইবার থানা, মহিলা থানা-সহ প্রত্যেকটি থানা, পুলিশের মহিলা সেলের আধিকারিকরাও থাকবেন।

জানা গিয়েছে, এই অভিযানের জন্য লালবাজার আগামী ৩০ দিন কলকাতার ৬০টি থানার ১২০টি জায়গাকে বেছে নিয়েছে। স্কুটিতে চড়ে শহরের নারীদের সুরক্ষা বৃদ্ধি করাই দুর্গা সুরক্ষা স্কোয়াডের কাজ। এই স্কোয়াডকে কেন্দ্র করে যুগ্ম টহলদারি টিম তৈরি করা হল।

  • দুর্গা সুরক্ষা স্কোয়াডের যুগ্ম টহলদারি দল দুটি থানার চারটি জায়গায় মাইক নিয়ে প্রচারকার্য চালাবে।
  • মানুষকে সচেতন করতে তাঁরা লিফলেট বিলিও করবে।
  • এই স্কোয়াড রাস্তার মোড়ে স্ক্রিনে ছোট ভিডিও ক্লিপিং দেখিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করবে।
  • সেখানে উপস্থিত জনসাধারণের যদি কোনও প্রশ্ন থাকে, সেই সময়েই দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা তার উত্তর দেবেন।
  • ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর জন্য দশটি স্কুটি ও একটি গাড়ি তৈরি রাখা হয়েছে।
  • সংশ্লিষ্ট থানা, সাইবার থানা ও গোয়েন্দা বিভাগের মহিলা দল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড ‘কে সহায়তা করবে।
  • পুরো বিষয়টারই তত্ত্বাবধানে থাকবে লালবাজার।

জানা গিয়েছে, ২০টি রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশনেরও বন্দোবস্ত করা হয়েছে। এর সাহায্যে যে কোনও ঘটনার লাইভ সম্প্রচার করা সম্ভব হবে। সেই সম্প্রচার সরাসরি রেকর্ড হবে পুলিশের সদর দপ্তরে। এর আগেই বসিরহাট, বনগাঁ, বারাসত ও প্রেসিডেন্সি রেঞ্জের একাধিক এলাকায় ১০টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করা হয়েছিল।

উল্লেখ্য, রবিবারই নারী হেনস্থায় ‘জিরো টলারেন্স’ নীতির হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনের তরফে জানানো হয়েছিল, রাস্তায় কোনও মহিলাকে উত্যক্ত করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। শাহের সেই বার্তার পরেই একেবারে কোমর বেধে পথে নামল দুর্গা বাহিনী।