• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

বিস্ফোরণের জেরে শুকিয়ে গেল পুকুর, জামুড়িয়ায় ইসিএলের খোলামুখ খনিতে বিক্ষোভ

বর্তমানে পুকুরটি একেবারে শুকিয়ে যাওয়ায় পানীয় জল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা কাজে ব্যাঘাত ঘটছে। এর ফলে  চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা।

বিস্ফোরণের জেরে শুকিয়ে গেল পুকুর, জামুড়িয়ায় ইসিএলের খোলামুখ খনিতে বিক্ষোভ

Photo: Magnific

খনিতে বিস্ফোরণের জেরে এলাকার একমাত্র পুকুর শুকিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইসিএলের নিউকেন্দা কোলিয়ারির অধীনস্থ ৩ নম্বর খোলামুখ খনির স্থানীয় বাসিন্দারা। এদিন এলাকার বাসিন্দারা জামুড়িয়ায় ইসিএলের ৩ নম্বর খোলামুখ খনির সামনে বিক্ষোভে দেখান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খনিতে বিস্ফোরণের পর থেকেই সংলগ্ন খ্যাপাডাঙা এলাকার একটি পুকুরের জল দ্রুত নেমে গিয়েছে। তারপরে ধীরে ধীরে সেই পুকুর শুকিয়ে যায়। স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের সরবরাহ করা জল তাঁদের দৈনন্দিন চাহিদা পূরণে যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে ওই পুকুরের জলের উপরই এলাকার বহু পরিবার নির্ভরশীল। বর্তমানে পুকুরটি একেবারে শুকিয়ে যাওয়ায় পানীয় জল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা কাজে ব্যাঘাত ঘটছে। এর ফলে  চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা।

এই পরিস্থিতিতে নতুন করে পুকুর খনন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে রবিবার খনির সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, খনির বিস্ফোরণের প্রভাবেই ভূগর্ভস্থ জলস্তরে পরিবর্তন ঘটেছে। আর এর ফলেই পুকুরটি একেবারে শুকিয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের এরকম অভিযোগের পর এ বিষয়ে মুখ খোলেন ইসিএল কর্তৃপক্ষ। ইসিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।