• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

ECL কর্মীর বাড়ি-অফিসে CBI হানা! আটক ছেলে

ইসিএল কর্মীদের কাজের রদবদল এবং তার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরে এই অভিযান চালানো হয়। পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সাউথ শ্যামলা কোলিয়ারিরর কর্মী সংকর্ণন হরিজনের বাড়ি এবং সংশ্লিষ্ট ইসিএল অফিসে একসঙ্গে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা

ECL কর্মীর বাড়ি-অফিসে CBI হানা! আটক ছেলে

Image: SNS

ইসিএল (ECL) কর্মীর বাড়ি ও অফিসে সিবিআই (CBI) হানা! তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন না মূল অভিযুক্ত কর্মী সংকর্ণন হরিজন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে পঙ্কজ হরিজনকে আটক করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) ।

ইসিএল (ECL) কর্মীদের কাজের রদবদল এবং তার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরে এই অভিযান চালানো হয়। পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সাউথ শ্যামলা কোলিয়ারিরর (ECL) কর্মী সংকর্ণন হরিজনের বাড়ি এবং সংশ্লিষ্ট ইসিএল (ECL) অফিসে একসঙ্গে তল্লাশি চালান সিবিআই (CBI) আধিকারিকরা।

সূত্রের খবর, কোলিয়ারির (ECL) এক কর্মী শারীরিক অসুস্থতার কারণে তুলনামূলক হালকা কাজ করার আবেদন করেছিলেন। সেই কাজের ব্যবস্থা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ওই কর্মীর (ECL) কাছে ঘুষ দাবি করেছিলেন সংকর্ণন হরিজন। অভিযোগটি সামনে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই (CBI) ।

আরও পড়ুন: জঙ্গলে মিলল চারটি মানুষের কঙ্কাল, কাঁকসায় চাঞ্চল্য

অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের জন্যই সংকর্ণন হরিজনের বাড়ি ও ইসিএল (ECL) অফিসে এসযোগে অভিযান চালানো হয় বলে খবর। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। দুই জায়গা থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

তবে অভিযানের সময় সংকর্ণন হরিজনকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর পরিবর্তে ছেলে পঙ্কজ হরিজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সিবিআই। স্থানীয় এক বাসিন্দার দাবি, দীর্ঘ সময় ধরে বাড়ি ও অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে যান তাঁরা। অভিযুক্ত কর্মী বাড়িতে না থাকায় তাঁর ছেলেকে নিয়ে যাওয়া হয়।

এই ঘুষ নেওয়ার অভিযোগের পিছনে আরও কেউ জড়িত কি না, কিংবা এই ধরনের লেনদেনের সঙ্গে ইসিএলের (ECL) অন্য কোনও আধিকারিকের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিবিআই। আটক পঙ্কজকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া নথি বিশ্লেষণের পর তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন: পুজোয় বাংলা ছবির ব্যবসা নিয়ে আশাবাদী প্রসেনজিৎ, উঠল ৫০ কোটির প্রসঙ্গ