• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

গ্রেপ্তারের পর রাস্তায় হাঁটিয়েছিল পুলিশ হাইকোর্টের দ্বারস্থ শওকত মোল্লা

একজন বিচারাধীন বন্দিরও সম্মান ও অধিকার রয়েছে। কিন্তু পুলিশের এই আচরণ আইনবিরুদ্ধ এবং অপমানজনক

গ্রেপ্তারের পর রাস্তায় হাঁটিয়েছিল পুলিশ হাইকোর্টের দ্বারস্থ শওকত মোল্লা

Image: ANI

সাত বছর পুরনো ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অভিযোগ, তাঁকে জনসমক্ষে রাস্তায় হাঁটিয়ে নিয়ে গিয়ে পুলিশ তাঁর মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে।

শওকতের আইনজীবীদের দাবি, গত বৃহস্পতিবার জীবনতলা এলাকায় পুলিশি পাহারায় তাঁকে প্রকাশ্যে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। একজন বিচারাধীন বন্দিরও সম্মান ও অধিকার রয়েছে। কিন্তু পুলিশের এই আচরণ আইনবিরুদ্ধ এবং অপমানজনক। তাই বিষয়টির জরুরি শুনানির আবেদন জানানো হয়েছে। হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ শওকত মোল্লাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেপ্তার করে। পরে সাত বছর আগের একটি ধর্ষণ মামলায় জীবনতলা থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

শওকতের গ্রেপ্তারিকে ঘিরে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। এনআইএ দপ্তর ও আদালতের বাইরে বিরোধী দলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান। এবার তাঁকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন আইনি লড়াই শুরু হল।