পশ্চিমবঙ্গে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে। তাই কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। তার উপর উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এমনকী নানা পদক্ষেপও করা হচ্ছে মানুষের উপকারে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আগে সেভাবে বঙ্গে হতো না। এবার তা মহাসমারোহে পালিত হবে। এই দিনটিতেই রাজ্যে পা রাখবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে নানা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা হবে তাঁর।
এদিকে আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেদিনই রাজ্যে আসছেন অমিত শাহ। এখানে এসে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ করবে রাজ্য সরকার। সে কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে থাকতে পারেন অমিত শাহ। তারপর আরও কিছু অনুষ্ঠানেও যোগ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর।
অন্যদিকে আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই স্কুল-কলেজ এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কেমন উদ্যোগ নিতে হবে তা নিয়ে জারি করা হয়েছে নির্দেশিকাও। পাশাপাশি হুগলির বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেয় ১২৫ ফুট উঁচু নতুন মূর্তি নির্মাণ করা হবে। পুরনো বাড়ির সংস্কার করা হবে। এমনকী আশেপাশের এলাকাকে সুসজ্জিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাজেটে এই বিষয়ে ঘোষণাও করেছে শুভেন্দু অধিকারীর সরকার।
তাছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে তাঁর বাড়িতে তৈরি হবে লাইব্রেরি এবং স্মারক। একইসঙ্গে আগামী ৬ জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটিও ঘোষণা করা হয়েছে। এই গোটা বিষয়টি মাথায় রেখে গতকালই ৬ জুলাইকে নিয়ে বিশেষ বৈঠক হয় সল্টলেকের বিজেপি দপ্তরে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যের মতো কেন্দ্রীয় নেতারাও। এই বৈঠকে সংশ্লিষ্ট কর্মসূচি এবং একাধিক সাংগঠনিক বিষয় নিয়েও রাজ্য-কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রাজ্যে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। সেটাও বড় করে করা হয়েছিল।




