• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

তুমুল বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা, রাস্তায় গাছ পড়ে বিপত্তি, বজ্রাঘাতে মৃত ১

কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মিলন মুখোপাধ্যায় এবং আইনজীবী উৎপল ঘোষের গাড়ির উপরে গাছ পড়েছে।

দুপুর গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। তারপরেই শুরু হয় ঝড়ের তাণ্ডব। মঙ্গলবার দুপুরে কলকাতার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড অবস্থা মহানগরীর একাধিক এলাকা। কলকাতার একাধিক রাস্তাতেও গাছ পড়ে বিপত্তি বাড়ে। অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, উত্তরবঙ্গেও বজ্রপাতের পাশাপাশি ঝড়বৃষ্টির দাপট শুরু হয়। উত্তরবঙ্গে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন।

কলকাতায় বৃষ্টির পরের অবস্থা

মঙ্গলবার দুপুরে ঝড়ের দাপটে কলকাতা হাইকোর্ট চত্ত্বরে একটি বড় গাছ পড়ে বিপত্তি বাড়ে। ওই বিশাল আকৃতির গাছটি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির উপরে ভেঙে পড়ে। এর ফলে বেশ কিছু আইনজীবীর গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গাছটি ভেঙে পড়ার পরেই কলকাতা পুরসভাকে খবর দেওয়া হয়। তবে যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময়ে গাড়িতে কেউ ছিলেন না। হাইকোর্টের আইনজীবীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে সেখানে কেউ না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

কলকাতায় বৃষ্টির পরের অবস্থা

কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মিলন মুখোপাধ্যায় এবং আইনজীবী উৎপল ঘোষের গাড়ির উপরে গাছটি পড়েছে। মঙ্গলবার দুপুরে প্রবল ঝড়-বৃষ্টিতে পার্ক স্টিটের বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা আটকে যায়। ধর্মতলা ও এক্সাইড মোড়েও একই ছবির দেখা মিলেছে। একাধিক জায়গায় গাছ পড়ায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি দিয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের তৎপরতায় কলকাতার একাধিক রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু হয়েছে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গার রাস্তায় অস্থায়ী ডিভাইডার কোনগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

কলকাতায় বৃষ্টির পরের অবস্থা

অন্যদিকে, উত্তরবঙ্গে রাজগঞ্জের পশ্চিম বালাবাড়ি এলাকায় হাইটেনশন বিদ্যুতের তার ছিঁড়ে জখম হলেন পাঁচ শ্রমিক। মঙ্গলবার সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে বিদ্যুতের টাওয়ারের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পাওয়ার গ্রিডের কাজ চলছিল। কাজের সময় উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতায় বৃষ্টির পরের অবস্থা

বজ্রপাতে উত্তরবঙ্গে মাথাভাঙা শীতলকুচি ব্লকের সাটিমারি এলাকায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম মেনকা বর্মণ(৫৯)। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়েছিলেন মেনকা। সেই সময়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।