• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

বিনা টিকিটে ট্রেনে উঠলেই গুণতে হবে মোটা টাকা, কঠোর পদক্ষেপ রেলের

বিনা টিকিটে ট্রেনে সফর রুখতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

বিনা টিকিটে ট্রেনে উঠলেই গুণতে হবে মোটা টাকা, কঠোর পদক্ষেপ রেলের

File Photo

রেলের তরফে বারবার নিষেধাজ্ঞার পরেও অনেক যাত্রী ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করেন। তবে এবার থেকে যাত্রীদের বিনা টিকিটে যাতায়াতের দিন শেষ। ভারতীয় রেল সূত্রের খবর, এবার থেকে ট্রেনে অবৈধ যাত্রীরা ধরা পড়লেই তাঁদের দ্বিগুণ জরিমানা দিতে হবে। খুব শীঘ্রই এই নিয়ম চালু করা হবে বলে রেলসূত্রের খবর।

জানা গিয়েছে, জন বিশ্বাস অ্যাক্ট, ২০২৬-এর আওতায় পুরোনো রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ ও ১৩৮ ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সেক্ষেত্রে বিনা টিকিটের যাত্রীদের এবার থেকে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে।

সূত্রের খবর, গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে টিকিট চেকিং থেকে আয় হয়েছিল ৮.৬৮ কোটি টাকা। চলতি বছরে মে মাসে পূর্ব রেলের টিকিট চেকিং থেকে প্রায় ১৩.০৫ কোটি টাকা আয় হয়েছে। সেক্ষেত্রে এক বছরের ব্যবধানে ৫০.৪৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। এর ফলে টিকিট চেকিং থেকে রাজস্ব আদায়ে পূর্ব রেলে বড়সড় সাফল্য এসেছে। পূর্ব রেল যে টিকিং চেকিং ও নজরদারিতে বেশ কড়াকড়ি করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এ বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, যাত্রীরা যেন ভ্রমণের সময়ে বৈধ টিকিট নিজেদের সঙ্গে রাখেন। দ্বিতীয়ত, ট্রেনে সফরের সময়ে যাত্রীদের যতদূর টিকিট কাটা রয়েছে, তাঁরা যেন ততদূরেই ভ্রমণ করে। তৃতীয়ত, অন্য যাত্রীদের অসুবিধা হয়, এমন কোনও কাজ যেন কেউ না করে।

উল্লেখ্য, শুধুমাত্র বিনা টিকিটের যাত্রীরাই রেলের এই নতুন নিয়মের আওতায় পড়বেন এমনটা নয়। যদি কোনও যাত্রী বিনা টিকিটে রেলে ভ্রমণ করেন। নির্দিষ্ট তারিখ অতিক্রম হওয়ার পরেও যদি কেউ পুরোনো টিকিট বা পাস নিয়ে যাত্রা করেন, তাহলে তাঁকে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে। বিনা টিকিটে ট্রেনে সফর রুখতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।