নিউ দিঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ তৈরি হল দিঘায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব শিশির অধিকারী। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, হোটেল মালিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে শিশির অধিকারী বলেন, একসঙ্গে এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিকতা পাওয়া তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তিনি জানান, দীর্ঘ জনজীবনে বহু অনুষ্ঠানে যোগ দিলেও স্থানীয় মানুষ, হোটেল শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে বিশেষভাবে আনন্দিত করেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ভালোবাসাই তাঁকে আগামী দিনেও মানুষের পাশে থাকার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে বিধায়ক দিব্যেন্দু অধিকারীও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীঘা শুধু পশ্চিমবঙ্গের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে। এই উন্নয়নের পিছনে স্থানীয় হোটেল মালিক, ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই দীঘার অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে।
দিব্যেন্দু অধিকারী আরও বলেন, পর্যটন শিল্পের বিকাশের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের মধ্যে সুসমন্বয় অত্যন্ত প্রয়োজন। পর্যটকদের জন্য উন্নত পরিকাঠামো, নিরাপত্তা এবং পরিষেবার মান বৃদ্ধির মাধ্যমে দীঘাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হোটেল ব্যবসায়ীরাও তাঁদের বক্তব্যে জানান, জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাওয়ায় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরা সহজ হয়েছে। তাঁদের মতে, পর্যটন শিল্পকে কেন্দ্র করে দীঘার সার্বিক উন্নয়ন সম্ভব এবং সেই লক্ষ্যে সরকার ও ব্যবসায়ী মহলের যৌথ উদ্যোগ প্রয়োজন।




