• facebook
  • twitter
  • youtube
Sunday, 26 July, 2026

আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া পুলিশ ইনস্পেক্ট গৌতম দাসকে আনা হল নবান্নে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে বদলি করা হয়েছে বলে খবর

আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া পুলিশ ইনস্পেক্ট গৌতম দাসকে আনা হল নবান্নে

ফেসবুক থেকে নেওয়া ছবি

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে নিজের ছবি পোস্ট করে বিতর্কে জড়ানো কলকাতা পুলিশের ইনস্পেক্টর গৌতম দাসকে এবার নবান্নে বদলি করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে বদলি করা হয়েছে বলে খবর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই ডেপুটেশনে থাকবেন।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘ দক্ষিণ বিভাগে কর্মরত কলকাতা পুলিশের ইনস্পেক্টর গৌতম দাসকে বদলি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে, নবান্নে ডেপুটেশনে পাঠানোর বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে।‘

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘কলকাতার পুলিশ কমিশনারকে অনুরোধ করা হচ্ছে যাতে গৌতম দাসকে অবিলম্বে রিলিজ করা হয় এবং তিনি নতুন দায়িত্বে যোগ দিতে পারেন।‘

এর আগে কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছিলেন, গৌতম দাসের পরিবর্তে চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগে উল্টোডাঙা থানায় কর্মরত ছিলেন। যদিও পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে সরিয়ে অন্য একজনকে ওসি করা হয়েছিল।

উল্লেখ্য কালীঘাট থানার ওসি পদে থাকা অবস্থায় গৌতম দাসের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। ছবিতে তাঁকে আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘রেডি টু নিউ অ্যাসাইন্টমেন্ট’।