ভোটের আগে হলদিয়া শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াল একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁর সামনে টেবিলে একটি আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে বলে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, হলদিয়া বন্দরের একটি শ্রমিক সংগঠনের দপ্তরে বসে রয়েছেন ওই প্রার্থী। তাঁর সামনে রাখা টেবিলে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেটি এক ব্যক্তি অন্য একজনের হাতে তুলে দিচ্ছেন। পুরো ঘটনাই ঘটছে প্রার্থীর উপস্থিতিতে। এই দৃশ্য সামনে আসতেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভিযোগ, ভয় দেখিয়ে ভোটে প্রভাব ফেলতেই এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাঁদের দাবি, প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্রের উপস্থিতিতে বসে থেকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন।
Advertisement
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ বিজলী। তাঁর দাবি, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘ভোটের সময় এই ধরনের অপপ্রচার নতুন নয়। আমার বিরুদ্ধে কোথাও কোনও অভিযোগ নেই। সবটাই সাজানো।’
উল্লেখ্য, এর আগেও নন্দীগ্রামে বিজেপি নেতা প্রলয় পালকে ঘিরে একটি বিতর্কিত ঘটনা সামনে এসেছিল, যা নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হলদিয়ার এই নতুন ভিডিও ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
ভোটের প্রাক্কালে এই ধরনের ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানা গিয়েছে।
Advertisement



