একসময় বাম রাজনীতির সাংস্কৃতিক পরিসরে গণসঙ্গীত ছিল অন্যতম শক্তি। সেই ঐতিহ্যকেই আবার সামনে এনে ভোট প্রচারে নেমেছেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। তাঁর প্রচারের প্রধান আকর্ষণ মাউথ অর্গানে বাজানো পথে এবার নামো সাথী— যা রচনা করেছিলেন কিংবদন্তি সলিল চৌধুরী।
আগামী ২৩ তারিখ প্রথম দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে অভিনব এই উদ্যোগ নজর কেড়েছে অনেকের। রবিবার ভোর থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে প্রচারে বেরিয়ে পড়েন দেবরাজ। সকাল ছ’টা নাগাদ তিনি পৌঁছন রাজবাড়ি পার্কে, যেখানে প্রাতভ্রমণকারীদের সঙ্গে জমে ওঠে আড্ডা। গাছতলায় বসেই মাউথ অর্গানে ভেসে ওঠে পরিচিত সুর, আর তা ঘিরে ভিড় জমান স্থানীয়রা।
Advertisement
এরপর তিনি বয়েলখানা বাজার, ভাটাখানা ও ট্যাপামারি মোড়ে ঘুরে ঘুরে প্রচার চালান। প্রতিটি জায়গাতেই তাঁর সঙ্গী ছিল মাউথ অর্গান এবং গণসঙ্গীতের সুর। প্রচারের এই ভিন্নধর্মী পদ্ধতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাজনৈতিক সমীকরণ বলছে, লড়াই সহজ নয়। জলপাইগুড়ির এই কেন্দ্র দীর্ঘদিন ধরেই পদ্ম শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, অন্যদিকে ঘাসফুল শিবিরও জমি দখলে মরিয়া। ফলে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Advertisement
এই পরিস্থিতিতে গণসঙ্গীতের আবেগ কি ভোটবাক্সে প্রভাব ফেলতে পারবে? সেই প্রশ্ন উঠছেই। যদিও দেবরাজ বর্মন নিজে এ বিষয়ে বিশেষ চিন্তিত নন। তাঁর কথায়, মাউথ অর্গান বাজানো তাঁর ব্যক্তিগত ভালোবাসা। প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে দেখা হচ্ছে বলেই তাঁদের একটু গান শোনাচ্ছেন, এর বেশি কিছু নয়।
Advertisement



