• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

ইমরান খানের ছেলেদের ভিসা আটকে দেওয়ার অভিযোগ জেমিমার

মানবাধিকার সংগঠনগুলির মতে, বন্দি অবস্থায় ইমরান খানের সঙ্গে পরিবারের যোগাযোগে বাধা সৃষ্টি করা উদ্বেগজনক। এতে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ উঠছে।

ইমরান খানের ছেলেদের ভিসা আটকে দেওয়ার অভিযোগ জেমিমার

ফাইল চিত্র

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। অভিযোগ, দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান দুই মাস আগে ভিসার জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত পাকিস্তান সরকার তা অনুমোদন করেনি।

জেমিমা জানিয়েছেন, জানুয়ারি মাসেই ভিসার আবেদন জমা দেওয়া হয়েছিল। সাধারণ নিয়ম অনুযায়ী ৭ থেকে ১০ দিনের মধ্যে ভিসা মঞ্জুর হওয়ার কথা থাকলেও এতদিন পরেও কোনও সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হস্তক্ষেপ চেয়েছেন।

জেমিমার দাবি, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র আগেই জানিয়েছিলেন, ইমরান খানের ছেলেরা নিরাপদে পাকিস্তানে এসে বাবার সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না বলেই অভিযোগ। তিনি আরও জানান, ২০২২ সালে হত্যাচেষ্টার ঘটনার পর থেকে ছেলেরা আর বাবার সঙ্গে দেখা করতে পারেনি। এমনকি ফোনে কথা বলা বা চিঠি পাঠানোর সুযোগও পাচ্ছে না তারা। ফলে পরিবারটি গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এদিকে, ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। জেমিমা দ্রুত ছেলেদের বাবার সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন ইমরান খান। তবে তাঁর দল দাবি করে আসছে, এই মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

মানবাধিকার সংগঠনগুলির মতে, বন্দি অবস্থায় ইমরান খানের সঙ্গে পরিবারের যোগাযোগে বাধা সৃষ্টি করা উদ্বেগজনক। এতে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ উঠছে।