• facebook
  • twitter
Monday, 16 March, 2026

গুলারের অবিশ্বাস্য গোলে সহজ জয় রিয়ালের

ম্যাচের ৮৯ মিনিট নাগাদ নিজেদের অর্ধে বল পান তুরস্কের এই খেলোয়াড়। সেসময় বিপক্ষ গোলরক্ষক মাতিয়াস দিতুরো অনেকটা এগিয়ে ছিলেন।

লা লিগার ম্যাচে ফের একবার দর্শনীয়ও গোলের সাক্ষী থাকলো ফুটবল বিশ্ব। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে এলচের বিপক্ষে খেলার ৮৯তম মিনিটে কার্যত অবিশ্বাস্য গোল করে গেলেন তুরস্কের তরুণ তারকা আর্দা গুলার। প্রায় ৭০ গজ দূর থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে গেলেন তিনি। এলচেকের গোলরক্ষক দিতুরো অনেকটা এগিয়ে আছে দেখে প্রায় মাঝমাঠ থেকে বল সরাসরি জালে জড়িয়ে দিলেন তিনি। গোলরক্ষক মাতিয়াস দিতুরোর পাশাপাশি দর্শকের ভূমিকা পালন করলেন এলচের খেলোয়াড়রাও। তাঁর এই গোলের ফলে ঘরের মাঠে এলচে’কে ৪-১ গোলে হারিয়ে লিগের লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এই মুহূর্তে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে খেলতে নামার আগে কিছুটা হলেও চাপে ছিল আলভার আলবেলোয়ার দলের। প্রতিপক্ষ হিসেবে এলচে সহজ হলেও এই ম্যাচে নামার আগে চোট-আঘাত সমস্যায় জর্জরিত ছিল মাদ্রিদের এই দলটি। তবে, ঘরের মাঠে ম্যাচ জিততে খুব একটা সমস্যায় পড়তে হলো না তাদের। এমবাপে মাঠের বাইরে থাকলেও দুরন্ত ফুটবল উপহার দিলেন ডিফেন্ডার রুডিগার, ডিন হুইসেনরা। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে হ্যাটট্রিকের পর এই ম্যাচেও গোল পেলেন রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। এলচের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী।

Advertisement

এদিন ম্যাচের শুরু থেকে দাপট বজায় রেখেছিল রিয়াল। খেলার ৩৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে ফিরতি বল পেয়ে গোল করে যান আন্তোনিও রুডিগার। বিরতির ঠিক আগে ৪৪ মিনিট নাগাদ পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ভালভার্দে। দ্বিতীয়ার্ধে তরুণ খেলোয়াড়দের দেখে নিলেন রিয়াল কোচ আলভার আলবেলোয়া। ৬৬ মিনিটে তাদের হয়ে ব্যবধান ৩-০ করে যান পরিবর্ত হিসেবে নামা ডিন হুইসেন। উইঙ্গার দানিয়েল ইয়ানেজের মাপা ক্রস থেকে হেডে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

Advertisement

তবে, এই ম্যাচে সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রে অবশ্যই তুরস্কের খেলোয়াড় আর্দা গুলারের গোল। ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। পরিবর্ত হিসেবে মাঠে নেমে দুরন্ত গোল করে যান গুলার। ম্যাচের ৮৯ মিনিট নাগাদ নিজেদের অর্ধে বল পান তুরস্কের এই খেলোয়াড়। সেসময় বিপক্ষ গোলরক্ষক মাতিয়াস দিতুরো অনেকটা এগিয়ে ছিলেন। যা দেখে আর সময় নষ্ট করেননি গুলার। সোজা গোল লক্ষ্য করে জোরালো শট মারেন তিনি। প্রায় ৭০ মিটার দূর থেকে নেওয়া তাঁর সেই শট গিয়ে সরাসরি এলচের গোলে জড়িয়ে যায়। পিছন দিকে অনেকটা দৌড়েও বলের নাগাল পাননি মাতিয়াস। এই জয়ের ফলে, ৬৬ পয়েন্ট লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে আপাতত শীর্ষে আছে বার্সেলোনা।

Advertisement