• facebook
  • twitter
Tuesday, 10 March, 2026

লিওনেল মেসির গোলে আবার জয় ইন্টার মায়ামির

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে মায়ামি। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৬। শীর্ষে থাকা নিউ ইয়র্ক সিটির থেকে ১ পয়েন্ট কম তাদের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফুটবল বিশ্বে তারকা লিওনেল মেসি বলতেই জাদু। তিনি মাঠে নামলে সব দর্শকরা অবাক চোখে তাঁকে প্রত্যক্ষ করে থাকেন। আর হয়তো সমর্থকরা বিশ্বাস করেন মেসি মাঠে নামলে গোল আসবে এবং তাঁদের প্রিয় দল জিতবে। এমনই ঘটনা ঘটল ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে ইন্টার মায়ামির খেলায়। মায়ামির ভরসা বলতেই সেই মেসি। মরশুমের প্রথম ম্যাচে খেলতে নেমে ইন্টার মায়ামি হেরে গিয়েছিল। অবশ্য সেই ম্যাচে মেসি খেলেননি। তারপরে দ্বিতীয় ম্যাচ থেকে মেসি খেলা শুরু করে মায়ামিকে জয় এনে দিয়েছেন। শনিবার রাতে তৃতীয় ম্যাচে ইন্টার মায়ামি হারিয়ে দিল ডিসি ইউনাইটেডকে। মেসি গোল করলেন এবং মাঠে হাজির ৭২ হাজার দর্শক সেই খেলা উপভোগ করলেন। মেসির ফর্মে থাকার অর্থই দলের জয়।

ওয়াশিংটনে নিজেদের ছোট মাঠের বদলে বাল্টিমোর র্যা ভেনসের ঘরের মাঠে খেলা ছিল ডিসির। উদ্দেশ্য একটাই। সেই মাঠে ৭২,০২৬ জন দর্শক বসে খেলা দেখতে পারেন। মায়ামি যাতে চাপে থাকে, তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু তা কাজে এল না। ডিসির এই ভাবনা নস্যাৎ করে দিলেন মেসি। ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। গোল করেন আর্জেন্টিনার জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি’পল। ১০ মিনিট পর দ্বিতীয় গোল করেন মেসি। ৭৫ মিনিটের মাথায় ডিসি এক গোল শোধ করলেও লাভ হয়নি। ২-১ গোলে জিতে মাঠ ছাড়েন মেসিরা।

Advertisement

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে মায়ামি। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৬। শীর্ষে থাকা নিউ ইয়র্ক সিটির থেকে ১ পয়েন্ট কম তাদের। তবে এখনই বড় কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার প্রধান কারণ হল, সবে তো লিগ শুরু হয়েছে। এখনও অনেক পথ দৌড়তে হবে। তারপরে লিগের ছবিটা স্পষ্ট হবে কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে।

Advertisement

Advertisement