ফাল্গুনের শেষ লগ্নে আবারও বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। শনিবার বিকেলেই কলকাতা ও আশপাশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টির জেরে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত আপাতত নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই জেলাগুলির জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Advertisement
উত্তরবঙ্গেও সপ্তাহজুড়ে অস্থির আবহাওয়া বজায় থাকবে। শনিবার পর্যন্ত প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবার সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা থাকবে আলিপুরদুয়ার ও কোচবিহারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত সোমবারের জন্যই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী সাত দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
Advertisement
হাওয়া অফিসের মতে, ওড়িশা ও সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত থেকে ছত্তিসগড় ও মধ্যপ্রদেশ হয়ে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। আকাশ আংশিক মেঘলা থাকায় মাঝেমধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Advertisement



