১ মার্চ অরুণাচল প্রদেশে শুরু হয়েছে শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন বাংলা ছবি ‘ছেলেধরা’র শুটিং। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির শুটিং হবে অরুণাচল প্রদেশের অনাবিষ্কৃত লোকেশন— ইটানগর এবং জিরো ভ্যালি।
ছেলেধরা একটি ফ্যামিলি থ্রিলার, পারিবারিক আবেগ, দায়িত্ববোধ এবং নৈতিক দ্বন্দ্ব থ্রিলারের কাঠামোর মধ্যেই তুলে ধরা হয়েছে। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নৈতিকভাবে জটিল এক নারীচরিত্র— যা বাংলা ছবিতে সচরাচর কম দেখা যায়।
Advertisement
ছবির গল্প আবর্তিত হয়েছে এক বিবাহবিচ্ছিন্ন মাকে ঘিরে। আবেগের বশে মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন মেয়েটি সত্যিই অপহৃত হয়। এই টানটান পরিস্থিতির মধ্য দিয়েই গল্প এগোয়। হঠাৎ ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার মোড়ে, বৃষ্টি এমন এক সত্যের মুখোমুখি হয় যা সে কল্পনাও করেনি— জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক যাত্রায় এগিয়ে চলে বৃষ্টি।
পরিচালকের কথায়, ‘এই ছবিটি মূলত সেই মানুষদের গল্প— যাঁরা নিখুঁত নন, কিন্তু ভালোবাসতে পারেন। ‘ছেলেধরা’ এক ধরনের রোড জার্নির মতো এগোয়।’
Advertisement
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কথায়, ‘বৃষ্টি এমন চরিত্র নয়, যাকে সহজে ভালো লাগবে। সে আবেগপ্রবণ, আহত এবং ত্রুটিপূর্ণ। কিন্তু একজন মা হিসেবে তার ভালোবাসা খুবই প্রকট। এই চরিত্রটা আমাকে নিজের মনের ভেতরে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।’
ছবিটি প্রযোজনা করছেন প্রতীক মজুমদার ও অনিন্দিতা (টুটু) মুখার্জী। মার্চ মাসের শেষ পর্যন্ত শুটিং চলবে বলে জানা গিয়েছে।
Advertisement



