সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই কেন্দ্রের কাছে তাঁর নাম নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছেন। আইন মন্ত্রকের অনুমোদন মিললেই হবে দায়িত্ব হস্তান্তর। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের মেয়াদ শেষ হচ্ছে ২৩ নভেম্বর। তার পরেই ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতি হিসেবে সূর্য কান্তের মেয়াদ ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই ক্ষেত্রে ১৪ মাসেরও বেশি সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি।
নিয়মমতো দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইকে একমাস আগেই আইমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছিল। গত সপ্তাহে তার জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তাতে তিনি বিচারপতি সূর্য কান্তের নাম দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেন। এই মুহূর্তে বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি।
Advertisement
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারের এক গ্রামে জন্ম গ্রহণ করেন বিচারপতি সূর্য কান্ত। তাঁর বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক। গ্রামের স্কুল থেকেই প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। ১৯৮১ সালে হিসারের সরকারি স্নাতকোত্তর কলেজ থেকে স্নাতক পাস করেন। এরপর ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
Advertisement
১৯৮৪ সালে হিসারের জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন বিচারপতি সূর্য কান্ত। তারপর পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। ২০০১ সালের মার্চ মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হন বিচারপতি সূর্য কান্ত। ২০০৪ সালের ৯ জানুয়ারির আগে পর্যন্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে সেখানে নিযুক্ত ছিলেন। এরপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হন।
২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন বিচারপতি সূর্য কান্ত। ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হরিয়ানা থেকে এই প্রথম দেশের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত।
এরপর প্রধান বিচারপতির তালিকায় রয়েছেন বিচারপতি বিক্রম নাথের নাম। তাঁর সময়সীমা ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর। বিচারপতি বিভি নাগরত্ন প্রধান বিচারপতি হবেন ২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। বিচারপতি পিএস নরসিংহ ২০২৭ সালের ৩০ অক্টোবর নিয়োগ হবেন এবং অবসর নেবেন ২০২৮ সালের ২ মে।
বিচারপতি জেবি পারদিওয়ালা প্রধান বিচারপতি হওয়ার কথা ২০২৮ সালের ৩ মে। আর তাঁর সময়সীমা ২০৩০ সালের ১১ আগস্ট পর্যন্ত। বিচারপতি কেভি বিশ্বনাথনের সময়সীমা ২০৩০ সালের ১২ অগস্ট থেকে ২০৩১ সালের ২৫ মে। বিচারপতি জয়মাল্য বাগচী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবে ২০৩১ সালের ২৬ মে এবং অবসর নেবেন ২ অক্টোবর। আর বিচারপতি বিপুল পাঞ্চোলির প্রধান বিচারপতি হওয়ার সময়সীমা ২০৩১ সালের ৩ অক্টোবর থেকে ২০৩৩ সালের ২৭ মে।
Advertisement



